মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে গত শুক্রবার ভারতীয়দের পিটুনিতে নিহত দুই বাংলাদেশি মাজিদ আলী ও নজর আলীর ক্ষতবিক্ষত লাশ শনাক্ত করতে পারেননি স্বজনেরা। নিহত ব্যক্তিদের পকেট থেকে জব্দ করা মুঠোফোনের সিম কার্ডের মাধ্যমে লাশ শনাক্তকরণে বিজিবির মাধ্যমে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।
দুই বাংলাদেশির সন্ধানে শনিবার সকালে সহযোগিতা চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বিজিবি। সন্ধ্যায় নিহত দুজনের ক্ষতবিক্ষত লাশের ছবি সরবরাহ করেছিল বিএসএফ। শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, শনাক্ত করতে পারলে গতকাল রোববার দুটি লাশই ফেরত দেওয়ার কথা ছিল। শনিবার রাত আটটায় চাতলাপুর বিজিবি ক্যাম্পে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিহত ব্যক্তিদের স্বজনদের বিএসএফ থেকে পাওয়া দুটি ছবি দেখানো হলেও লাশ শনাক্ত করা যায়নি।
নিহত মাজিদ আলীর স্ত্রী সমিরুন বেগম ও নজর আলীর স্ত্রী আলাতুন বেগম প্রথম আলোকে জানান, সিম কার্ডের সূত্র ধরে লাশ শনাক্ত করা যায় কি না, তা বিএসএফ সদস্যদের কাছে অনুরোধ জানাতে বিজিবি চাতলাপুর কোম্পানি কমান্ডারকে অনুরোধ করা হয়েছে। তবে শরীফপুর ইউপি চেয়ারম্যান নিশ্চিত করে বলেন, সিম কার্ডের মাধ্যমে লাশ শনাক্ত করতে গতকাল দুপুরে বিএসএফ সদস্যদের অনুরোধ জানিয়েছে বিজিবি।