ক্ষতবিক্ষত সড়কে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কটি ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যানবাহনের ক্ষতি এবং যাত্রীদের সময়ও নষ্ট হচ্ছে। এই সড়ক দিয়ে পর্যটক ও এলাকার লোকজনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।সড়কের নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এনএসএসের প্রকল্প কর্মকর্তা বিরাজ কুমার বিশ্বাস জানান, তাঁদের জরিপ অনুযায়ী গত আট মাসে এই সড়কে ছোট-বড় প্রায় ৫০টি দুর্ঘটনা ঘটেছে। রাস্তার এ দুরবস্থার কারণে ঘটা এসব দুর্ঘটনায় ১০ ব্যক্তি নিহত ও দুই শতাধিক লোক আহত হয়েছেন।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, ৬৮ কোটি টাকায় ৪৮ কিলোমিটার দীর্ঘ পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের নির্মাণকাজ ২০০৩ সালে শুরু হয়ে ২০০৬ সালের জুনে শেষ হয়। এরপর এই সড়কে বড় ধরনের সংস্কারকাজ হয়নি। মাঝেমধ্যে সড়কের ছোট-বড় গর্তগুলো জরুরি মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাতায়াত করছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সড়কের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে পটুয়াখালী অংশের ডিবুয়াপুরা বাঁধঘাট, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সড়ক, বল্লভপুর, দুগ্ধ খামার এলাকা, বসাক বাজার কালভার্ট, শারিকখালী স্কুল, পক্ষিয়া, আউলিয়াপুর, পাডুখালী, বরগুনার আমতলী অংশের শাখারিয়া সেতু এলাকা, আমতলী হাসপাতাল, ছুরিকাটা, মানিকঝুরি, খুড়িয়ার খেয়াঘাট, আকনবাড়ী ও ফকিরবাড়ী এলাকা। এ ছাড়া কলাপাড়া অংশের চাকামইয়া সেতুসংলগ্ন, রজপাড়া, কলঙ্ক, চারঘাটা ও ফকিরবাড়ী এলাকায় সড়কে বড় বড় গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং পাশাপাশি যাতায়াতে সময়ও ব্যয় হচ্ছে বেশি।এ সড়কে চলাচলকারী বাস সাদিয়া পরিবহনের (গাজীপুর-জ-২৩০) চালক দুলাল দাস জানান, সড়কের অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ধীর গতিতে গাড়ি চালাতে হয়। এতে সময় লাগছে বেশি। এ ছাড়া গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচলের কারণে প্রায়ই ভেঙে যাচ্ছে গাড়ির পাত্তি, চেসিস; গাড়ি বিকল হয়ে পড়ছে রাস্তায়। তখন চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা মৃধা বলেন, পর্যটনকেন্দ্র কলাপাড়া কুয়াকাটায় যাতায়াতে জন্য এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে যেকোনো সময়ে পটুয়াখালীর সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন সময় উপজেলা ও জেলা পর্যায়ের সভায় গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি।’সওজ, পটুয়াখালী উপবিভাগীয় প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহমেদ জানান, এই মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমের কারণে বিটুমিনের কাজ করা যাচ্ছে না। ঈদের পর কাজ শুরু হবে। আগামী ডিসেম্বরের মধ্যে মেরামতের কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী।