ক্ষতি না করে উন্নয়ন পরিকল্পনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা সুন্দরবনের মধ্য দিয়ে বহন করা হবে না। এই কয়লা নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দর থেকে ঘষিয়াখালী নৌপথ দিয়ে রামপালে পাঠানো হবে। এ জন্য পায়রা বন্দর ও রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ একই সময়ে শেষ করা হবে।
‘সুন্দরবন রক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন’ শিরোনামে ডেইলি স্টার আয়োজিত গোলটেবিল আলোচনায় গতকাল শনিবার পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রীর এই আশ্বাসে স্বস্তি প্রকাশ করেন উপস্থিত বিশেষজ্ঞ ও আলোচকেরা। তবে তাঁরা রামপাল বিদ্যুৎকেন্দ্র ও পটুয়াখালীর পায়রা গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ একই সময়ে শেষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সুন্দরবনের ক্ষতি না করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, সুন্দরবন রক্ষায় শক্তিশালী কর্তৃপক্ষ গঠন এবং মানুষ যাতে যা খুশি তা করতে না পারে সে জন্য আচরণবিধি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় ডেইলি স্টার ভবনে এই আলোচনা হয়।
মুস্তফা কামাল বলেন, ‘আমরা সব সময় উন্নয়নকে প্রাধান্য দিতে গিয়ে পরিবেশকে ধ্বংস করেছি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। সুন্দরবনকে রক্ষা করে উন্নয়নের চিন্তা থেকে সরকার বনের মাঝখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেবে। খনন করে ঘষিয়াখালীর নৌপথকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।’
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, এ বছর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চার কোটি গাছ লাগানো হবে। ঘষিয়াখালী নৌপথের সব চিংড়িঘের ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কোন পথে জাহাজ চলবে, কোন পথে চলবে না, সেটা দেখার দায়িত্ব পরিবেশ বা বন মন্ত্রণালয়ের নয়। সুন্দরবনে তেলের জাহাজ ডুবেছে, অথচ যাদের দায়িত্ব তারা বলছে কিছুই হয়নি। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা নিলে তেল এত বেশি জায়গায় ছড়াত না।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নিশাত বলেন, অনেকে বলেন সুন্দরবনে চিংড়ির ঘের হলে দেশ লাভবান হবে। কিন্তু চিংড়ির কেজির দরে সুন্দরবনের মূল্য নির্ধারণ করা ঠিক হবে না। সুন্দরবন রক্ষার জন্য প্রাতিষ্ঠানিক দায় নির্ধারণ করতে হবে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এম এ জলিল বলেন, ‘আমরা প্রকৃতি থেকে নিতে অভ্যস্থ, দিতে নয়—এই চিন্তা বাদ দিয়ে সুন্দরবনকে ঘিরে শিল্পাঞ্চল গড়ার কাজ বন্ধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রকৃতি ও উন্নয়ন হাত ধরাধরি করে চলে না। সুন্দরবন রক্ষায় আমাদের অনেক ছাড় দিতে হবে।’
বুয়েটের অধ্যাপক খবির উদ্দিন বলেন, সুন্দরবনের কাছ থেকে নেওয়া যাবে না, তাকে দেওয়ার মানসিকতা নিয়ে পরিকল্পনা গ্রহণ
করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেন, বিদ্যমান আইনে বন রক্ষার দায়িত্ব বন বিভাগকে দেওয়া হয়নি। যে কারণে শালবন আর লাউয়াছড়া এখন আর বন নেই, পার্ক হয়ে গেছে।
দুবাই চিড়িয়াখানার প্রধান রেজা খান বলেন, সুন্দরবনে যত দিন তেলের কণা থাকবে, তত দিন উদ্ভিদ ও প্রাণী ক্ষতিগ্রস্ত হবে।
প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, ৩৫০ বর্গকিলোমিটারে তেল ছড়িয়েছে। এতে আগামী তিন বছরে ছোট-বড় সব ধরনের গাছ ক্ষতিগ্রস্ত হবে।
সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের উপপ্রধান পরিচালক মোমিনুল হক সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ডের ১০টি বাঁধ ও চিংড়ির ঘের ঘোষিয়াখালীর নৌপথকে মেরে ফেলেছে। এখন সুন্দরবন রক্ষা করতে হলে সেগুলোকে ভেঙে ফেলতে হবে।
আলোচনায় আরও অংশ নেন ভুগর্ভস্থ পানি বিশেষজ্ঞ ইফতেখার উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল এইচ খান, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রমুখ।