ছাত্র সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম দুই সপ্তাহ বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে শিক্ষক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ মে থেকে ১০ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক ছাত্রাবাস খুলে দেওয়া হয়েছে। আগামী রোববারের মধ্যে সব শিক্ষার্থী হলে উঠবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। কাল বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে।
গত ১২ এপ্রিল আন্ত অনুষদীয় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি মেডিসিন ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে
সংঘর্ষ হয়। ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রছাত্রীদের আবাসিক হল ছেড়ে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গৌতম কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় ১৪ দিন বন্ধ ছিল। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেশনজট সৃষ্টি হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। কর্তৃপক্ষ এতে সাড়া দিয়ে ছুটি বাতিল করেছে।
অধ্যাপক গৌতম কুমার দেবনাথ বলেন, ‘আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যে স্যাক্রিফাইস করেছি, আশা করি শিক্ষার্থীরা তা বোঝার চেষ্টা করবে এবং ভবিষ্যতে সংঘর্ষের মতো ঘটনায় তারা জড়াবে না।’