ক্ষতি পোষাতে শুক্র ও শনিবারও ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের কর্মবিরতিতে টানা নয় দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে।
তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন শীতকালীন ছুটি চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, তাঁরা গতকাল সভা করে সিদ্ধান্ত নিয়েছেন কর্মবিরতির ক্ষতি পুষিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কিছুদিন শুক্র ও শনিবারও ক্লাস নেবেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চালু থাকবে।
নতুন বেতনকাঠামোতে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।
অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই। শিক্ষকেরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। ‘নেগোসিয়েশন’ চলছে। দেখা যাক কী হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, বেতনস্কেল সংশোধনের সুযোগ নেই, সমন্বয় করা হবে। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সকাল থেকেই বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হয়। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এইচ এম নূরুন নবী প্রথম আলোকে বলেন, তাঁদের বিভাগে ক্লাস চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসহ অন্যান্য ভবনে অবস্থিত বিভাগগুলোও সচল ছিল। জগন্নাথ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েও ক্লাস হয়েছে।
প্রথম আলোর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সেখানে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। নয় দিন কর্মবিরতির পর ক্লাস শুরুর প্রথম দিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সেখানকার শিক্ষকেরা বলেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত তাঁরা আগের দিন সন্ধ্যায় জেনেছেন। এ জন্য ওই দিন তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি। এ কারণে গতকাল ক্লাস হয়নি। তাঁরা আজ বৃহস্পতিবার থেকে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আন্দোলন স্থগিত: গতকাল প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বেতনকাঠামোতে বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে দায়িত্বপ্রাপ্ত চার সচিবের সঙ্গে ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।