‘তিন-চাইর বছর ধইর্যা তো কোনো ফলনই ঘরে তুলতে পারি না। সোময়মতো বৃষ্টি অয় না, আবার যহন অয়, তহন সবকিছু ভাসাইয়া নেয়। আবার মাসে-মাসে বইন্না (বন্যা) তো আছেই। আবহাওয়ার যে অবস্থা, হ্যাতে কৃষিকাম করার উপায় নাই, নুন পানিতে জাগাজমি শ্যাষ অইয়্যা গ্যাছে। এইবার আউশের মৌসুমে দেহি, ভালো ফলন পাইলে একটু মাজা তুইল্লা খাড়ান যায় কি না।’ জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিতে সৃষ্ট বিপর্যয়ের এ কথাগুলো বলছিলেন বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের কৃষক আবদুল হক।বরগুনাসহ দক্ষিণাঞ্চলের কৃষকেরা বেশ কয়েক বছর ধরে এ অঞ্চলের প্রধান ফসল আমন ধান উৎপাদনে মার খাওয়ার পর এবার কৌশল পাল্টে তাঁরা আউশ ধান চাষের দিকে ঝুঁকেছেন। আর এতে গত কয়েক বছরের আমনের ক্ষতি কাটিয়ে এ অঞ্চলের বিপুল সংখ্যক কৃষক আবার মাথা তুলে দাঁড়াতে পারবেন বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগের স্থানীয় বিশেষজ্ঞরা। পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলা কর্মকর্তা মো. শহিদুল্লাহসহ বেশ কয়েকজন কৃষি বিশেষজ্ঞ বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে দক্ষিণাঞ্চলের কৃষি। মাটির লবণাক্ততা ও জোয়ারের উচ্চতা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না হওয়াসহ নানা কারণে এ অঞ্চলের কৃষি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তাঁরা জানান, দক্ষিণাঞ্চলের কৃষকেরা মূলত আমন মৌসুমকেই বেশি প্রাধান্য দিতেন। আউশ মৌসুমে সামান্য কিছু জমি চাষাবাদ হলেও এ সময়ে বেশির ভাগ জমি পড়ে থাকত। সে ক্ষেত্রে এবার ব্যাপকহারে আউশ ধান চাষের বিষয়টি একটি ইতিবাচক দিক বলে মনে করছেন তাঁরা। কারণ, বর্ষা মৌসুমে আউশের আবাদ হয়। এ সময় মাটিতে লবণের পরিমাণ থাকে সহনীয়। এ ছাড়া নদ-নদী ও সাগরের পানিতেও লবণের পরিমাণ সহনীয় পর্যায়ে থাকে। তাই আউশ আবাদে ঝুঁকি থাকে না বললেই চলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে বরিশাল অঞ্চলের আওতায় বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ১১ জেলায় এ বছর রেকর্ডসংখ্যক জমিতে আউশের আবাদ হয়েছে। বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, এ অঞ্চলের ১১ জেলায় ইতিমধ্যে দুই লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। আবাদ মৌসুম শেষ হলে তা তিন লাখ হেক্টর ছাড়িয়ে যাবে বলে কর্মকর্তারা আশা করছেন। এর মধ্যে বরিশালে প্রায় ৩৬ হাজার, বরগুনায় ৪১ হাজার ৩৪৫, পিরোজপুরে ২৫ হাজার ৫২০, ঝালকাঠিতে ২২ হাজার ২৫০, পটুয়াখালীতে ৬৫ হাজার ৩১২, ফরিদপুরে এক হাজার ২০০, মাদারীপুরে দুই হাজার ৩৭৫, গোপালগঞ্জে দুই হাজার ১০০, রাজবাড়ীতে সাত হাজার ২১৫ ও শরীয়তপুরে নয় হাজার ৫০ হেক্টরে এবার আউশের আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক সুভাষ চন্দ্র সাহা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সময়মতো বৃষ্টি হচ্ছে না। ফলে আমন চাষে ঘোরতর বিপর্যয় নেমে আসছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লবণাক্ততা। এ অবস্থায় কৃষকেরা তাঁদের অভিযোজন সক্ষমতা বাড়াতে না পারলে ভয়াবহ পরিণতির শিকার হবেন। তিনি আরও জানান, বরগুনা জেলায় আগে ২০-২২ হাজার হেক্টরে আউশ চাষ হতো। এবার প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে আউশ চাষ হয়েছে। গোটা বরিশাল অঞ্চলে আউশ চাষের পরিমাণ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের অতিরিক্ত পরিচালক সুধীর রঞ্জন সেন এ প্রসঙ্গে বলেন, এবার দক্ষিণাঞ্চলে প্রায় তিন লাখ হেক্টর জমিতে আউশের চাষ হয়েছে, এটা এ অঞ্চলের কৃষিতে একটি ইতিবাচক দিক।