ক্ষতি পোষাতে গরুকে আলু খাওয়াচ্ছেন চাষি
ঘরে আলু, বাইরে আলু, উঠানে আলু, মাচানে আলু। তবু হাসি নেই, ঘুম নেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলুচাষিদের। উল্টো বিপাকে পড়েছেন তাঁরা। তিন মাসের শ্রম দিয়ে যে আলু তাঁরা ফলিয়েছেন, সেই আলুই তাঁদের ফেলে দিয়েছে মহাবিপাকে। ক্রেতার প্রতীক্ষায় থাকতে থাকতে আলুতে পচন ধরতে শুরু করেছে। নিরুপায় চাষিরা যখন দিশেহারা, তখন অনেক কৌশলী চাষি গরুকে আলু খাওয়াচ্ছেন। তাঁদের দাবি, এতে তাঁদের ক্ষতি পরোক্ষভাবে পুষিয়ে যাচ্ছে। আলুচাষিরা জানান, প্রতি মণ গ্রানুলা জাতের আলু ১৫০ টাকায়ও বিক্রি হচ্ছে না। লাভ তো দূরের কথা, আসলটাই উঠছে না। এ অবস্থায় উপজেলার অনেক চাষি আলু বিক্রির চেষ্টা ছেড়ে দিয়ে বাড়িতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করছেন। আর ক্ষতি পোষাতে গরুকে আলু খাওয়াচ্ছেন। আটমূল গ্রামের চাষি আবু জাফর (৪৫) জানান, বাজারে গো-খাদ্যের অগ্নিমূল্য চলছে। প্রতি কেজি খৈল ৩৪ টাকা, ভুসি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ অবস্থায় পালিত গরুকে আলু খাওয়াচ্ছেন। এতে গরুপ্রতি প্রতিদিন যে খরচ হতো, তার অর্ধেক সাশ্রয় হচ্ছে। কাঠগাড়া গ্রামের আক্কাছ আলী (৫০) বলেন, ‘আমার বাড়িতে তিনটি বিদেশি জাতের গরু আছে। গরু তিনটির জন্য প্রতিদিন ৩০০ টাকার গো-খাদ্য কিনতে হয়। কিন্তু এখন আলুর দাম না পেয়ে প্রতিদিন গরুগুলোকে আলু সেদ্ধ করে খাওয়াচ্ছি। এতে কেনা গো-খাদ্য অর্ধেক লাগছে। ফলে ১৫০ টাকা সাশ্রয় হচ্ছে।’একই গ্রামের তাজুল ইসলাম (৩৫) বলেন, ‘আমি প্রতিদিন গরুপ্রতি পাঁচ কেজি আলু সেদ্ধ করে খাওয়াচ্ছি। এতে খৈল, ভুসি অর্ধেক লাগছে। পাঁচ কেজি আলু গরুকে খাওয়ানোতে ৫০ টাকা সাশ্রয় হচ্ছে। এটা মন্দের ভালো আরকি।’ উপজেলার শিবগঞ্জ হাটের গো-খাদ্য ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম জানান, সম্প্রতি তাঁর দোকান থেকে গো-খাদ্য বিক্রি বেশ কমে গেছে। তিনি মনে করেন, গো-মালিকেরা গরুকে আলু খাওয়ানো শুরু করায় তাঁর বিক্রি কমেছে। উপজেলার গবাদিপশুর পল্লি ্লচিকিৎসক সাজাহান আলী বলেন, চাষিরা আলুর ক্ষতি পোষাতে গরুকে আলু খাওয়াচ্ছেন। এখন প্রতিদিনই অনেকে এসে গরুকে কীভাবে, কতটুকু আলু খাওয়াবেন তা জেনে নিচ্ছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন বলেন, আলু খাওয়ানোতে কোনো সমস্যা নেই। তবে আলু নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। আর আলু সেদ্ধ করে খাওয়ানো ভালো। কাঁচা আলু হজমের সমস্যা করতে পারে, গলায় আটকে যেতে পারে।