ক্ষতি পোষাতে ভাসমান বীজতলা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সম্প্রতি জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ফসলের মাঠে এখনো পানি রয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন আবাদ করা যায়, সে জন্য সবজি ও ধানের ভাসমান বীজতলা তৈরি করছেন কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা এ কাজে কৃষকদের সহযোগিতা করছেন।
স্থানীয় বাসিন্দা ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে সম্প্রতি জোয়ারের পানি ঢুকে উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেসব স্থানের পানি দ্রুত নেমে যাচ্ছে, সেখানে মাঠে বীজতলা তৈরি করছেন কৃষকেরা। যেসব জায়গায় পানি জমে রয়েছে, সেখানে করা হচ্ছে ভাসমান বীজতলা। এসব বীজতলায় আমনের বীজ ছিটানো হচ্ছে; রোপণ করা হচ্ছে লাউ, শিম, বরবটি ও ফুলকপির চারা। কৃষি বিভাগের সহযোগিতায় কলাগাছের ভেলায় এসব বীজতলা তৈরি করা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পুরোদমে নেমে পড়েছেন কৃষিকাজে। কাঁঠালিয়া সদর, আওরবুনিয়া, আমুয়া, তালতলা ও কৈখালী গ্রামের কৃষকেরা ভাসমান বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
এ সময় আওরাবুনিয়া গ্রামের কৃষক শামছুল হক বলেন, ‘পানি নামতে দেরি হওয়ায় আমরা ভাসমান বীজতলা তৈরি করছি। যেন জমি থেকে পানি শুকিয়ে গেলেই চারা রোপণ করতে পারি।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ভেলায় প্রতি বর্গমিটারে ৮০-১০০ গ্রাম অঙ্কুরিত বীজ ফেলতে হয়। পানির ওপর ভেসে থাকার কারণে এরূপ বীজতলায় সেচের দরকার হয় না। বীজ বপনের ২৫ থেকে ৩০ দিন পরই চারা রোপণের উপযোগী হয়ে যায়।