ক্ষতি পোষাতে ‘সবজি-সংগ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনের ক্ষতি কাটিয়ে উঠতে কঠোর সংগ্রাম করছেন চাষিরা। রমজানের বাজার সামনে রেখে ৬০০ একর জমিতে তাঁরা শসা, বেগুন, টমেটোসহ নানা ধরনের সবজির চাষ করছেন। প্রথম রোজাতেই বাজারে সবজি বিক্রি করার ব্যাপারে চাষিরা আশাবাদী। সবজি আবাদে চরফ্যাশনের চাষিরা জৈব সার ব্যবহার করছেন, দেননি কোনো কীটনাশক।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস জানান, ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনে ২৫ হাজার হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে। চরফ্যাশন চাষি উন্নয়ন সমিতির সভাপতি ফারুকুর রহমান বলেন, ২০১২ সালে চরফ্যাশন থেকে ৩০০ কোটি টাকার সবজি বিক্রি করা হয়েছে। এ বছর সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কারণ, মহাসেনে তাঁদের কমপক্ষে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষকেরা মহাসেনের ক্ষতি পুষিয়ে নিতে রোজার বাজার সামনে রেখে ৬০০ একর জমিতে সবজি আবাদ করছেন।মহাসেনের পর চরফ্যাশনে গিয়ে দেখা যায়, সবজিখেত ঝড়-বৃষ্টিতে ক্ষতবিক্ষত। গাছ মরে গেছে। বৃষ্টির পানি সরিয়ে, নতুন করে মাটি ফেলে কৃষকেরা আবারও বীজতলা, সবজিখেত ও মাচা তৈরি করছেন। শসা, কুমড়া, বরবটি, ধুন্দল, ঝিঙাগাছে ফুল এসেছে। বেগুনগাছ বড় হচ্ছে। তৈরি হচ্ছে টমাটোর খেত।চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবজিচাষি জিল্লুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। রোজা সামনে রেখে ৩০ শতাংশ জমিতে শসার চাষ করেছি। আশা করি রোজার আগে শসা বিক্রি করতে পারব। তবে দাম কেমন পাব জানি না।’উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হকের ৬০ হাজার টাকার সবজিসহ ফসলের ক্ষতি হয়েছিল। রোজা সামনে রেখে তিনি এক একর জমিতে শসা, বরবটি, কুমড়া ও বেগুনের চাষ করেছেন। বরবটি ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে। রোজার পাঁচ-ছয় দিনে তিনি শসা বিক্রি করবেন বলে আশা করছেন। উপজেলার দক্ষিণ ফ্যাশন গ্রামের হায়দার আলীর ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে উঠতে ৪৮ শতাংশ জমিতে বেগুন করেছেন। বেগুন বেচা শুরু করেছেন তিনি। তবে এখনো শসার খেত তৈরি করতে পারেননি। কথা বলে জানা যায়, উপজেলার তিন হাজার কৃষক পরিবার মহাসেনের ক্ষতি কাটিয়ে উঠতে জুন-জুলাইয়ে আগাম ৩৫০ একরে শসা, ১২০ একরে মিষ্টিকুমড়া, ৫০ একরে বেগুন, ২০০ একরে বরবটি, ২০ একরে টমেটো, ২০ একরে ধুন্দল, ২৫ একরে মরিচ, ১৫ একরে ঝিঙাসহ ৬০০ একর জমিতে সবজি আবাদ করেছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল প্রথম আলোকে বলেন, জেলায় মহাসেনে ক্ষতিগ্রস্ত ২৪ হাজার ৭৪০ জন কৃষকের জন্য পাঁচ কেজি করে বীজধান দিয়েছে সরকার। তবে চরফ্যাশনের কৃষকেরা পরিশ্রমী। তাঁরা ক্ষতি কাটিয়ে উঠতে রোজা সামনে রেখে সবজি ফলাচ্ছেন। চরফ্যাশনের মতো গোটা ভোলাকে সবজি চাষের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।