ক্ষতি ১১ হাজার কোটি টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি হলে রাজধানীর অনেক সড়ক এমন জলমগ্ন হয়ে পড়ে l ফাইল ছবি
বৃষ্টি হলে রাজধানীর অনেক সড়ক এমন জলমগ্ন হয়ে পড়ে l ফাইল ছবি

কোনো উদ্যোগ না নিলে ঢাকা শহরের জলাবদ্ধতার কারণে ২০১৪ থেকে ২০৫০ সাল পর্যন্ত সময়ে ১১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হবে। এর সঙ্গে যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব যুক্ত হয়, তাহলে ওই ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৩ হাজার ৯০০ কোটি টাকা। তবে সরকার যদি এখন জলাবদ্ধতা দূরীকরণে ২৭০ কোটি টাকা ব্যয় করে, তাহলে ৭ হাজার কোটি টাকার ক্ষতি কম হবে।
বিশ্বব্যাংকের ‘জলবায়ু এবং দুর্যোগসহিষ্ণু বৃহত্তর ঢাকা এলাকা: একটি ব্যাষ্টিক বিশ্লেষণ’ শীর্ষক গবেষণায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে এ গবেষণা প্রতিবেদনের ফল তুলে ধরা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতের সঞ্চালনায় অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রধান পরিবেশ অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিবেদনটির অন্যতম লেখক সুস্মিতা দাসগুপ্তা এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) গবেষক আসিফ জামান।
সুস্মিতা দাসগুপ্তা গবেষণার ফল তুলে ধরতে গিয়ে বলেন, রাজধানীর জলাবদ্ধতা দূর করতে এখনই যদি পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নত করা হয়, খাল ও জলাশয়গুলো দখলমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, তাহলে ওই ক্ষতি মোকাবিলা করা সম্ভব। এ জন্য ব্যয় হবে ২৭০ কোটি টাকা। আর যদি নিষ্কাশনব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনসহিষ্ণু করে করতে চায়, তাহলে এর সঙ্গে আরও বাড়তি ১৩০ কোটি টাকা খরচ করতে হবে। ঢাকা ওয়াসার নিয়মিত উন্নয়ন প্রকল্পের বাইরে এই অর্থ ব্যয় করতে হবে। এসব ব্যবস্থা নিলে শহর থেকে বৃষ্টির পানি দ্রুত নেমে যাবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, সিটি করপোরেশনের মধ্যে যে খালগুলো আছে, সেগুলো জলাবদ্ধতা দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু এ খালগুলো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান দখল করে ভরাট করছে। খালগুলো দখলমুক্ত করার দায়িত্ব ঢাকা জেলা প্রশাসনের, পানিপ্রবাহ দেখভালের দায়িত্ব ঢাকা ওয়াসার।
আনিসুল হক আরও বলেন, ঢাকা শহরে মোট ৫৬টি সরকারি সংস্থা কাজ করে। এর মধ্যে আবর্জনা পরিষ্কার ও গাছ লাগানো ছাড়া বাকি কোনো কাজে সিটি করপোরেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব সংস্থার কাজের মধ্যে সমন্বয় আনতে না পারলে শহরের সমস্যার সমাধান হবে না।
অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, বিশ্বব্যাংকের প্রতিবেদনে রাজধানীর বৃক্ষ ও জীববৈচিত্র্য সম্পর্কে কোনো কিছু বলা নেই। ঢাকার খালগুলো দখলমুক্ত করলেও বন্যাপ্রবণ এলাকায় বিভিন্ন আবাসন প্রকল্পকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদন দিচ্ছে। ফলে শহরের পানি কোথায় যাবে?
জবাবে অধ্যাপক আইনুন নিশাত বলেন, গবেষণাটির মূল ফোকাস ছিল ঢাকা শহরের জলাবদ্ধতার কারণে কী ধরনের ক্ষতি হতে পারে এবং তা মোকাবিলায় কী ধরনের উদ্যোগ নিতে হবে তা নিয়ে। তবে প্রতিবেদনে ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনায় ঢাকা শহরের নিষ্কাশনব্যবস্থা উন্নত করার বিষয়টি যুক্ত থাকা উচিত।
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা কিমস বলেন, ঢাকার মতো মেগাসিটির জনসংখ্যা দ্রুত বাড়ছে, এই শহরকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গবেষণা প্রতিবেদনটির অন্যতম লেখক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক সারওয়ার জাহান।