রাজশাহীর গোদাগাড়ীতে ওষুধ দিয়ে কাঁচা টমেটো পাকানো শুরু হয়েছে। বেশি দামের আশায় একশ্রেণীর কৃষক ও ব্যবসায়ী এই টমেটো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। পুষ্টি ও স্বাদের আশায় ক্রেতারাও চড়া দামে কিনছেন এই টমেটো।
কিন্তু বিশেষজ্ঞেরা বলছেন, অপরিপক্ব এই টমেটোতে সব খাদ্য উপাদান ঠিকমতো তৈরি হয় না। এভাবে কাঁচা টমেটো পাকানোর কারণে তাতে ভিটামিন ও স্বাদ দুটিই নষ্ট হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সবচেয়ে বেশি টমেটো চাষ হয়। এবার এই এলাকায় তিন হাজার ৩৩৪ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। হিসাব অনুযায়ী ফুল আসার পর থেকে ৩৫-৪০ দিনে টমেটো পরিপক্ব হয়। কৃষকেরা বেশি লাভের আশায় ১৮-২০ দিনের মধ্যেই টমেটো তুলে ফেলছেন।
গত রোববার সরেজমিনে গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় রাস্তার ধারে টমেটো পাকানোর জন্য ওষুধ ছিটাতে দেখা গেছে। কৃষক ও টমেটো ব্যবসায়ী কালু টমেটোতে ওষুধ ছিটাচ্ছিলেন। তিনি বলেন, ওষুধ দিয়ে তাঁরা তিন-চার দিন এই টমেটো ঢেকে রাখবেন। তারপর এক দিন রোদে দিতে হবে। এরপর আবার পাঁচ-ছয় দিন ঢেকে রাখলে টমেটোতে পাকা লাল রং ধরবে। হাইব্রিড জাতের এই টমেটোতে ওষুধ দিয়ে ঢেকে না রাখলে পাকা রং ধরে না বলে জানান তিনি। দেশি জাতের হলে গাছে ওষুধ দিলেই রং ধরে।
ওই ব্যবসায়ী আরও বলেন, গাছে হোক আর মাঠে হোক, ওষুধ দিতেই হবে। তা না হলে গাছে টমেটো একসঙ্গে পাকে না। একটি-দুটি করে পাকে।
একই এলাকার কৃষক বিদ্যুৎ, টুলু ও জাহাঙ্গীরকেও একইভাবে টমেটো পাকাতে ওষুধ ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া গোপালপুর, মহিষালবাড়ী, গোদাগাড়ী হেলিপ্যাড, কাবিপুর, মাটিকাটা কলেজমাঠ ও সুলতানগঞ্জ এলাকায় কৃষকদেরও টমেটো পাকানোর এই কৌশল নিতে দেখা গেছে।
গোদাগাড়ী উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম বর্তমানে উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কর্মরত আছেন। তিনি ২০০৯ সালে গোদাগাড়ীর কৃষকদের এই ফল পাকানোর ওষুধ ব্যবহারের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করেছিলেন।
রোববার যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, শুধু পরিপক্ব টমেটোতেই খাদ্য উপাদান সঠিক পরিমাণে পাওয়া যায়। তাপ প্রয়োগ ও বাসি হয়ে গেলে টমেটোর ভিটামিন-সি নষ্ট হয়ে যায়।
এ ছাড়া রোদে শুকানো এবং একাধারে পাঁচ-সাত দিন স্তূপ করে রাখার কারণে যে ভিটামিন এতে থাকে, তাও নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণে মেশানো হলেও এই ইথেফোন গ্রুপের ইথ্রেল, রাইপেন, রাইজার, টমটম-জাতীয় ওষুধ মানবদেহের জন্য ক্ষতিকর।
গোদাগাড়ীর কৃষি কর্মকর্তা সাইফুল আলম বলেন, টমেটো স্বাভাবিক উপায়ে পাকলে যে স্বাদ ও পুষ্টিমাণ পাওয়া যায়, এই টমেটোতে তা পাওয়া যাবে না। তবে এই ওষুধ ২ পিপিএম (পার্টস পার মিলিয়ন) মাত্রার বেশি হলে দেহের ক্ষতি করে। এখানে কৃষকেরা যে মাত্রায় ব্যবহার করছেন, তা ১ দশমিক ৭ পিপিএম। অতিরিক্ত দামের আশায় কৃষকেরা এই ওষুধ মেশাচ্ছেন।