ক্ষতিকর কার্বাইডযুক্ত সাড়ে ১৬ হাজার কেজি আম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড মেশানো ১৬ হাজার ৭৩০ কেজি আম জব্দ করেছেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ১৩ জন ব্যবসায়ীকে এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত আম গতকাল বৃহস্পতিবার ফরিদপুর শহরের ময়লাগারে বুলডোজার দিয়ে পিষে ফেলা হয়।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ওয়ালি-য়ূর-রাশিদ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত আটটার দিকে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলমের নেতৃত্বে প্রশাসন, র্যাব ও পুলিশ ওই বাজারে অভিযান চালায়। বুধবার রাত আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ১২ ঘণ্টাব্যাপী ওই অভিযান চালানো হয়। এ সময় ফুলবাড়িয়া বাজারের ১৩টি আমের আড়তের প্রতিটির তালা ভেঙে কার্বাইড মেশানো আনুমানিক পাঁচ লাখ এক হাজার ৯০০ টাকা মূল্যের আম জব্দ করা হয়। এ সময় আমের সঙ্গে ছাই রঙের ২৫ কেজি গুঁড়া (কার্বাইড) উদ্ধার করা হয়।সালথার ইউএনও এস এম তুহিনুর আলম জানান, আমে কার্বাইড মিশিয়ে বাজারজাত করার দায়ে ১৩ ব্যবসায়ীকে এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যাবসায়ীরা হলেন ফুলবাড়িয়ার ওহিদ মোল্যা, কাইউম মোল্যা, আতিয়ার রহমান, মালেক সিকদার, কানাই মালো, ওয়াদুদ মোল্যা, মো. হালিম শেখ, কাঞ্চু মোল্যা, আওলাদ শেখ, মমিন মোল্যা, খারদিয়ার আওয়াল শেখ, আবুল বাসার ও বড় খারদিয়ার ফিরোজ শেখ।ব্যবসায়ী ওহিদ মোল্যা আমে কার্বাইড মেশানোর কথা স্বীকার করে বলেন, ‘কার্বাইড দিলে এক রাতে সব আম পেকে যায়। অন্য ব্যবসায়ীরা এভাবেই আম পাকায়, আমিও একইভাবে পাকিয়েছি।’ তবে তিনি স্বীকার করেন, কার্বাইড দিয়ে পাকানো আম খেলে শরীরের সমস্যা হয়।ফরিদপুরের ডেপুটি কালেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কার্বাইড দেওয়া আমগুলো গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় কম দামে কাঁচা আম কিনে কার্বাইড মিশিয়ে বাজারজাত করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুই ট্রাক ভর্তি আম পৌরসভার ময়লাগারে নিয়ে জেলা প্রশাসন ও র্যাবের কর্মকর্তাদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে পিষে ফেলা হয়। জব্দ করা ২৫ কেজি কার্বাইড কাদায় পুঁতে ফেলা হয়।ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীরা আম পাকাতে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করেন। এতে প্রচুর মাত্রায় আর্সেনিক ও ফসফরাস থাকে। এ রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম খেলে তাত্ক্ষণিকভাবে মাথা ঘোরানো, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে কার্বাইড দিয়ে পাকানো আম খেলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতিসহ ক্যানসার হতে পারে।