ক্ষতিকর পোকা নির্ণয়ে আলোর ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য নতুন নতুন বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় চলতি রোপা আমন মৌসুমে লালমনিরহাট কৃষি বিভাগ ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ ব্লকের বাঁশেরতল এলাকায় গত সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কৃষি বিভাগ এই কর্মসূচি শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিধু ভূষণ রায়, অতিরিক্ত উপপরিচালক হামিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় চলতি বছর রোপা আমন চাষের লক্ষ্য ধরা হয় ১৫ হাজার ৪৮৭ হেক্টর জমি। কিন্তু মাঠপর্যায়ে চাষ হয়েছে আরও বেশি এলাকায়। রোপা আমন মৌসুমে সচেতনতার অভাবে অনেক কৃষক জমিতে ক্ষতিকর পোকা আক্রমণ করার আগেই কীটনাশক প্রয়োগ করে থাকেন। এতে করে ফসলের জমির উপকারী অনেক পোকা মারা যায়। কৃষকেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আলোর ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পরে কীটনাশক প্রয়োগ করতে এই প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে কৃষকের অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমবে, আর ফসল থাকবে বিষমুক্ত।
সরেজমিনে দেখা যায়, ধানের জমির পাশে তিনটি খুঁটি দিয়ে একটি চার্জার লাইট ঝোলানো হয়েছে। লাইটের নিচে একটি পানির পাত্র রাখা হয়েছে, পাত্রের পানিতে ডিটারজেন্ট সাবান মিশ্রিত করা হয়েছে। লাইটের আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে ফসলের জমির বিভিন্ন পোকা এসে নিচে রাখা পানিতে পড়ে মারা যাচ্ছে। এভাবেই আলোর ফাঁদ ব্যবহার করে ফসলের জমিতে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয় করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিধু ভূষণ রায় বলেন, অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কীটনাশকের ব্যবহার কমাতে কৃষক সহজেই এই প্রযুক্তি ব্যবহার করে তাঁর জমিতে ক্ষতিকর পোকামাকড় আছে কি না তা জানতে পারবেন। এতে ফসল উৎপাদনে খরচ কমে যাবে ও ফসল হবে বিষমুক্ত।
আলোর ফাঁদ দেখতে আসা কৃষক আলম মিয়া বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, এখন থেকে ফসলের জমিতে কীটনাশক দেওয়ার আগে এভাবে দেখব জমিতে পোকা আছে কি না।’