ক্ষতিকর প্রভাব নিয়ে কুড়িগ্রামে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের ক্ষতিকর প্রভাব নিয়ে গতকাল সোমবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা হয়। এতে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভারতের নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্ক্সবাদী) এ সভার আয়োজন করে। জেলা বাসদের সংগঠক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, জল ও পরিবেশ ইনস্টিটিউটের সভাপতি প্রকৌশলী ম. ইনামুল হক, রিভারাইনের মহাসচিব শেখ রোকন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ক ম জহিরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কামরুল আহসান খান, স্থানীয় উন্নয়ন সংস্থা সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, সাংবাদিক মতলুবর রহমান ও সাংস্কৃতিক কর্মী সুব্রতা রায়।
বক্তারা বলেন, ভারত আন্তনদী সংযোগের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। তারা ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে পানি সরিয়ে খরাপ্রবণ গুজরাট, হরিয়ানা, রাজস্থান ও তামিলনাড়ুতে নিয়ে যাবে। অনেক দিন বিষয়টি প্রস্তাব আকারে থাকলেও সম্প্রতি দেশটির সরকার এ পরিকল্পনা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। মানস ও শংকোস হলো ব্রহ্মপুত্রের উপনদী। এ দুটি উপনদীর পানি সরিয়ে নেওয়ার অর্থ ব্রহ্মপুত্রের পানিপ্রবাহ কমে যাওয়া। এতে উচ্চ ফলনশীল ফসল, মৎস্য সম্পদ, পরিবেশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর প্রভাব পড়বে।
বক্তারা আরও বলেন, নদীবাহিত পলি দিয়ে বাংলাদেশ গঠিত। শরীরে রক্তপ্রবাহ বন্ধ হলে যেমন মানুষের মৃত্যু ঘটে, তেমনি নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা বাধাগ্রস্ত হলে এ ভূখণ্ডের অস্তিত্ব বিপন্ন হবে। বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।