ক্ষতিকর রং ও ঘনচিনিতে তৈরি হচ্ছিল আইসক্রিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসটিআইয়ের সনদ ছাড়া আইসক্রিম ও পানি উৎপাদন করায় চট্টগ্রামে তিনটি কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নগরের পাঠানটুলী ও নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে এই তিন কারখানা বন্ধ করে দেওয়া হয়।
তিনটি কারখানা হচ্ছে মিমি আইসবার, নিউ আইসবার, রিলাই পিওর ড্রিংকিং ওয়াটার।
গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন তিনটি কারখানায় অভিযান চালান। তিনি বলেন, মিমি আইসবার ও নিউ আইসবারে তৈরি করা আইসক্রিমে ব্যবহৃত হচ্ছিল ক্ষতিকর রং। চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছিল ক্ষতিকর ঘনচিনি ও স্যাকারিন। অভিযানে দেখা যায়, গুঁড়ো দুধ, অ্যারারুট ও ওয়াসার পানি দিয়ে তৈরি হচ্ছে কুলফি মালাই নামের আইসক্রিম।
অপরদিকে রিলাই পিওর ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, বিএসটিআই সনদ ছাড়া কারখানাটি পানি উৎপাদন করে বোতলজাত করছিল।
এ ছাড়া জেলা প্রশাসনের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে দুটি খাবারের দোকান ও একটি কারখানাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর এ অভিযান চালান।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজে পচা মাংস সংরক্ষণের অপরাধে আগ্রাবাদ অ্যাকসেস রোড এলাকায় জামান রেস্টুরেন্টকে ১ লাখ টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে ক্যাফে আল নুর রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খোয়াজনগরে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে পেট্রোলিয়ামজাত পণ্য গ্রিজ উৎপাদনের অপরাধে শাহ মোহছেন এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।