ক্ষতিকারক কোমল পানীয় হারবাল-ইউনানি ওষুধ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরের জামুর ঋষিপাড়া এলাকার একটি ওষুধের কারখানায় অভিযান চালিয়ে র‌্যাবের সদস্যরা মানবদেহের জন্য ক্ষতিকর কোমল পানীয়, হারবাল ও ইউনানি ওষুধ উদ্ধার করেছেন। নিবন্ধন (লাইসেন্স) ছাড়াই কোম্পানিটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-৪-এর একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে জেনিয়াল ইউনানি ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানা থেকে জিনাস প্লাস, জিনাস পাওয়ার, মোনাফ ও পাওয়ার আপ নামের কোমল পানীয় এবং বিভিন্ন প্রকারের হারবাল ও ইউনানি ওষুধসহ কেমিক্যাল উদ্ধার করা হয়। উদ্ধার করা কোমল পানীয় ও ওষুধের পরিমাণ ২৩ হাজার বোতল। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার ব্যবস্থাপক জসিমউদ্দিনকে দুই বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ব্যাপারে গতকাল রাতেই সাভার থানায় মাদক ও ওষুধ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় কোম্পানির মালিক হাকিম আবদুর রশীদ ও ব্যবস্থাপক জসিমউদ্দিনকে আসামি করা হয়েছে। আবদুর রশীদ পলাতক রয়েছেন।অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আ. ওয়াহাব খান প্রথম আলোকে জানান, বাজার থেকে ওই কোম্পানির কোমল পানীয় সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এসব পানীয় মানবদেহের জন্য ক্ষতিকারক।জসিমউদ্দিন জানান, তাঁরা সাভার থানা ও স্থানীয় বিভিন্ন মহলের যোগসাজশে এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন। এ এইচ এম আনোয়ার পাশা জানান, কোনো লাইসেন্স ছাড়াই কোম্পানিটি অবৈধভাবে কোমল পানীয় ও ওষুধ উৎপাদন করছিল। বছর খানেক আগেও ওই কারখানার বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছিল।