ক্ষতিগ্রস্ত অনেক সড়কের সংস্কারকাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরের গুরুত্বপূর্ণ অনেক সড়কের সংস্কারকাজ এখনো শুরু করেনি। এতে যাত্রী ও গাড়িচালকদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ঈদের আগেই সংস্কারকাজ শেষ হবে বলে দাবি করেছেন করপোরেশনের প্রকৌশলীরা।
সরেজমিনে দেখা যায়, নগরের হালিশহর, বড়পোল, পোর্ট কানেকটিং রোড, সল্টগোলা, কাতালগঞ্জ, কাপাসগোলা, স্টেশন রোড, বহদ্দারহাটের খাজা রোড, বাকলিয়ার বিভিন্ন সড়ক, অক্সিজেন সড়ক, মুরাদপুর, চকবাজার ও মেহেদীবাগ সড়কের সংস্কারকাজ এখনো শুরু হয়নি।
সম্প্রতি প্রবল বর্ষণে এসব সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। আবার কিছু সড়কের কার্পেটিং উঠে গেছে। সরেজমিনে দেখা যায়, সংস্কার না করায় এসব সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টিতে নগরের প্রায় প্রত্যেক এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই একসঙ্গে সব সড়কের সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। ঈদের আগেই সব সড়ক যান চলাচলের উপযোগী করা হবে এবং ঈদের পর সংস্কারের মূল কাজ শুরু হবে।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ বলেন, ‘মেহেদীবাগ সড়কের সংস্কারকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দু-এক দিনের মধ্যে আমাদের কার্যক্রম শুরু হবে।’
কাপাসগোলা সড়ক বেহাল হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, অনেক দিন ধরে এই রাস্তার অবস্থা ভালো না। বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে নগর কর্তৃপক্ষের কোনো গরজ নেই।
এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের কাপাসগোলা সড়কের সম্প্রসারণ ও উন্নয়ন এবং নগরের পুরাতন রেলস্টেশন থেকে ধনিয়ালাপাড়া পর্যন্ত কদমতলী উড়ালসড়ক নির্মাণে দুটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ জন্য এই দুই সড়কের সংস্কারের দায়িত্ব নিচ্ছে না সিটি করপোরেশন।
নগরের কাপাসগোলা ও কদমতলী সড়কের সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন জানান, সিডিএ এই দুটি সড়কে তাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তাই এসব সড়ক সংস্কার করা তাদের দায়িত্ব।
সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন বলেন, ‘কদমতলী এলাকার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের পুরাতন রেলস্টেশন থেকে ধনিয়ালাপাড়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য সরকারের কাছে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি।’
গত ২০ থেকে ২২ জুন পর্যন্ত টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে নগরের প্রায় ১০০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়ক সংস্কার করতে প্রায় আড়াই শ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রকৌশলীরা।