ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে ২১২ কিলোমিটার বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় প্রায় ২১২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আংশিকভাবে বিলীন হয়ে গেছে। এ ছাড়া সম্পূর্ণ বিলীন হয়ে গেছে ১৪ কিলোমিটার বাঁধ।

এর মধ্যে সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বিলীন হয়েছে প্রায় সাত কিলোমিটার ও আংশিক ক্ষতি হয়েছে ২৩ কিলোমিটার বাঁধ। স্বাভাবিক মাত্রার কোনো ঝড় বা জলোচ্ছ্বাস হলে ঝুঁকিপূর্ণ এসব বাঁধ ভেঙে কয়েক লাখ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

পাউবোর কর্মকর্তারা জানান, নদী ও সাগরবেষ্টিত বরগুনায় ২২টি পোল্ডারের আওতায় মোট ৯১০ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ৫৪ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৪৭৪ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত ১৬ মে ঘূর্ণিঝড় মহাসেনে সম্পূর্ণ বিলীন হয় প্রায় সাত কিলোমিটার ও আংশিক ক্ষতি হয় ২৩ কিলোমিটার বাঁধ।

সিডর-আইলা ও সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতের পর বর্তমানে জেলায় ১৪ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ২১২ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। ফলে মাঝারি ঝড় বা জলোচ্ছ্বাস আঘাত হানলে উপকূলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কষ্টকর হয়ে পড়বে বলে মনে করছেন পাউবোর কর্মকর্তারা।

পাউবো সূত্র জানায়, সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ২২টি পোল্ডারের মধ্যে ১২টি পোল্ডারের আওতাভুক্ত বাঁধ মেরামত ও নির্মাণের জন্য তিনটি ধাপে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিশ্বব্যাংক। সংস্থাটির আর্থিক সহায়তায় ২০১১ সালে প্রথম ধাপে ছয়টি পোল্ডার মেরামতের জন্য দরপত্র আহবান করে কার্যক্রম শুরু করা হয়। এর অনুকূলে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তিন বছর মেয়াদি এই ছয়টি পোল্ডারের মেরামত কাজ বর্তমানে চলমান থাকলেও প্রতিশ্রুত অর্থ ছাড় না হওয়ায় বাকি ছয়টি পোল্ডারের কাজ বন্ধ রয়েছে। এতে পুরো প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ বারি বলেন, মহাসেন আঘাত হানার পর ছোট বালিয়াতলী এলাকায় এক কিলোমিটার বাঁধ বিলীন হয়ে যায়। এতে বড় বালিয়াতলী, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, পাতাকাটাসহ আশপাশের ছয়টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ২০ দিন পানিবন্দী ছিলেন। এখন পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ কমেনি। তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউপির চেয়ারম্যান ফরাজি মো. ইউনুস জানান, মহাসেনের আঘাতে এই ইউনিয়নের জযালভাঙা এলাকার প্রায় আধা কিলোমিটার বাঁধ বিলীন হয়ে গেছে। আরও দুই-তিন কিলোমিটার বাঁধ হুমকির মুখে রয়েছে। ফলে নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, অর্থ বরাদ্দ না থাকায় সিডর, আইলা ও পরবর্তী বিভিন্ন সময়ে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করা যায়নি। এর ফলেই সম্প্রতি ঘূর্ণিঝড় মহাসেনে জেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে লক্ষাধিক মানুষ ১৫ দিন ধরে পানিবন্দী থাকে। রেকর্ড পরিমাণ বৃষ্টি ও প্রায় এক সপ্তাহ ধরে অব্যাহত জলোচ্ছ্বাসে নতুন করে অনেক বাঁধ বিলীন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামনে বর্ষা মৌসুম। তাই সাময়িকভাবে হলেও বড় ধরনের ক্ষতি ঠেকাতে কিছু বাঁধ জরুরিভিত্তিতে মেরামত প্রয়োজন। এ জন্য তাঁরা বরাদ্দ পাওয়ার চেষ্টা করছেন।

জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার অনুরোধ করে তাঁরা পানি সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।