দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের মুজাহিদপুর এলাকায় অবস্থিত উত্তরা হিমাগারে আলু রেখে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা গতকাল সোমবার দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করেছেন। ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ না দিলে ১৯ অক্টোবর থেকে লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।কৃষকেরা হিমাগারের পাশের মহাসড়কে দুপুর দেড়টা থেকে একটা ৫০ মিনিট পর্যন্ত অবরোধ পালন করেন। ৫০০ জনেরও বেশি কৃষক কর্মসূচিতে অংশ নেন। অবরোধের কারণে সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।অবরোধ চলাকালে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত আলুচাষি সংগ্রাম কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন, চেহেলগাজী কৃষক কল্যাণ সমিতির সহসভাপতি আজিজুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আলতাফ হোসাইন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক রবিউল আওয়াল প্রমুখ।কৃষকেরা বলেন, উত্তরা হিমাগারের ধারণক্ষমতা ৩৭ হাজার বস্তা আলু। কিন্তু অধিক মুনাফার লোভে মালিকপক্ষ ধারণক্ষমতার অতিরিক্ত ২০ হাজার বস্তা আলু সংরক্ষণ করে। এক দিকে বিদ্যুৎ-বিভ্রাট, অন্য দিকে জেনারেটর নষ্ট থাকায় হিমাগারের বেশির ভাগ আলু পচে যায়। সংগ্রাম কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন জানান, প্রশাসনের মধ্যস্থতায় উত্তরা হিমাগারের অন্যতম পরিচালক নওশাদ আফরোজ গত ২ মে ক্ষতিগ্রস্ত আলুচাষিদের সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সব আলুচাষিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা। নির্ধারিত সময় পার হওয়ার পরও ক্ষতিপূরণ না পেয়ে গত ৪ আগস্ট আলুচাষিরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন। ৭ অক্টোবর দিনাজপুর প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন করেন।দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এ ব্যাপারে কথা বলার জন্য উত্তরা হিমাগারে গিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।