ক্ষতিগ্রস্ত আলুচাষিদের মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ছয় কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরে উত্তরা হিমাগারের ক্ষতিগ্রস্ত আলুচাষিরা গতকাল বৃহস্পতিবার হিমাগার প্রাঙ্গণে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষতিগ্রস্ত আলু চাষি সংগ্রাম কমিটির সভাপতি মো. আজিজুল হক। বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সম্পাদক মো. রবিউল আউয়াল, বাসদ জেলা কমিটির সমন্বয়ক রেজাউল ইসলাম, কৃষক সমিতির জেলা আহ্বায়ক বদিউজ্জামান বাদল, আলু চাষি সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সদস্য মো. তোজামেঞ্চল হোসেন।বক্তারা হিমাগারের নির্বাহী পরিচালক ভূমি প্রতিমন্ত্রীর এপিএস মির্জা আশফাক হোসেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, তাঁকে এপিএসের পদ থেকে অপসারণ এবং গ্রেপ্তার দাবি করেন। আগামী সাত দিনের মধ্যে তিন দফা দাবি পূরণের উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।উত্তরা হিমাগারের নির্বাহী পরিচালক হিসেবে মির্জা আশফাক হোসেন ২০০৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। হিমাগারটির ধারণক্ষমতা ৩৭ হাজার বস্তা আলু। কিন্তু অতিরিক্ত লাভের আশায় ২০১০ সালে তিনি হিমাগারে ৫৭ হাজার বস্তা আলু রাখেন। একদিকে বিদ্যুতের সংকট, অন্যদিকে হিমাগারের জেনারেটর অকেজো থাকায় হিমাগারের সব আলু পচে নষ্ট হয়ে যায়। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি সে সময়ের বাজার অনুযায়ী ক্ষতি হওয়া আলুর মূল্য সাড়ে ছয় কোটি টাকা নির্ধারণ করে। জেলা প্রশাসকের হস্তক্ষেপে হিমাগার মালিক, আলু চাষি এবং জেলা প্রশাসনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে আলুচাষিদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা। কিন্তু আজও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।