ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গঠিত তদন্ত কমিটি গতকাল শুক্রবার দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে সন্ধ্যায় কমিটির সদস্যরা গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তদন্ত কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অত্যাচার ও সহিংসতার শিকার মানুষেরা নির্যাতনের কথা আমাদের বলেছেন। আমরা প্রকৃত অবস্থা তদন্ত করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্যসচিব আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, বিএনপির নেতা আবদুল মান্নান, আক্তার হোসেন খান, হারুন অর রশিদ, খোরশেদ মিয়া, গোলাম হাফিজ প্রমুখ।

এর আগে তদন্ত কমিটির সদস্যরা ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকা, কালীতলা বাজারসহ বিভিন্ন এলাকায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।