ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, দ্রুত পানি নিষ্কাশনের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ, জরুরি ভিত্তিতে বন্যায় গৃহহীন মানুষের মধ্যে ত্রাণ-কার্যক্রম শুরু, নদী-খালের ইজারা বাতিল, যত্রতত্র অপরিকল্পিতভাবে স্লুইস গেট নির্মাণ বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে ২৮ আগস্ট শাঁকরা স্লুইস গেটের দরপত্র-কার্যক্রম বন্ধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও এবং ১২ সেপ্টেম্বর বিক্ষোভ-সমাবেশের ডাক দেওয়া হয়। সাতক্ষীরা শহরে প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা নাগরিক কমিটি, সাতক্ষীরা নাগরিক উদ্যোগ ও কেন্দ্রীয় পানি কমিটি যৌথভাবে এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহ্বায়ক আবদুর রহিম, সাতক্ষীরা নাগরিক উদ্যোগের আহ্বায়ক কাজী রিয়াজ, পানি কমিটির সদস্য নারায়ণ মজুমদার, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার প্রমুখ।