ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ সম্পূর্ণ মওকুফ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের শনির হাওর পাড়ে গতকাল বিকেলে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের শনির হাওর পাড়ে গতকাল বিকেলে আয়োজিত কৃষক সমাবেশে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল l ছবি: প্রথম আলো

হাওরের ফসলহানির ঘটনাকে জাতীয় দুর্যোগ আখ্যায়িত করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘হাওর এলাকার সংকটাপন্ন মানুষের এই দুর্যোগ-দুর্ভোগ নিয়ে যেন রাজনীতি না হয়। এটা সহ্য করা হবে না। আমরা হাওরের মানুষের সঙ্গে এক কাতারে আছি। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ, এনজিও ঋণ সম্পূর্ণ মওকুফ করতে হবে।’

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের শনির হাওর পাড়ে গতকাল মঙ্গলবার বিকেলে আয়োজিত এক কৃষক সমাবেশে সুলতানা কামাল এসব কথা বলেন। স্থানীয় হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থা এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সুলতানা কামাল বলেন, হাওর এলাকার মানুষ মহাসংকটে আছে। হাওরবাসীর এই সংকট জাতীয় সংকট। এই দুর্যোগের পেছনে যেমন প্রাকৃতিক কারণ আছে, তেমনি এটা মানবসৃষ্ট।

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কথা উল্লেখ করে সুলতানা কামাল বলেন, ‘বারবার কেন হাওরে দুর্যোগ হবে। আমরা স্থানীয় সমাধান চাই। এই সমাধানের চিন্তা স্থানীয় মানুষদের নিয়ে করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা সমাবেশে সভাপতিত্ব করেন।

অনিয়মে জড়িতরা শাস্তি পাবে

হাওরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি হবে বলে মন্তব্য করেছেন ফসলহানির ঘটনা তদন্তে গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান।

তদন্ত কমিটির চার সদস্য গত রোববার সুনামগঞ্জে যান। গতকাল তাঁরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর পরিদর্শন করে উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান বলেন, ‘আমরা সবার কথা শুনেছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। হাওরের ফসলহানির জন্য পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) যাঁরাই তদন্তে দোষী প্রমাণিত হবেন, তাঁদের শাস্তি হবে।’