ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ১০০ কোটি টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ভাটি অঞ্চলের কৃষকদের জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে তিনি এ দাবি জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রণোদনা হিসেবে এ টাকা দেওয়া হলে আগামী বছর কৃষকেরা ৫০০ কোটি টাকার ফসল উপহার দেবেন।সুরঞ্জিত সেনগুপ্ত এ অঞ্চলের প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে চলমান ভিজিএফ ও জিআর কর্মসূচির আওতায় তাঁদের পরিবারপ্রতি চালের বরাদ্দের পরিমাণ বাড়ানো এবং বিকল্প কর্মসংস্থানের জন্য জরুরি ভিত্তিতে টিআর কর্মসূচি চালু করারও দাবি জানান। সম্প্রতি মেঘালয় ও বরাক উপত্যকায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় বন্যায় ব্যাপক ফসলহানি ঘটে। এ পরিস্থিতিতে কৌশল নির্ধারণে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত হাওর উন্নয়ন বোর্ডকে কার্যকর করারও দাবি জানান।তিনি কালনী-কুশিয়ারা নদী খননের অসমাপ্ত প্রকল্পটি আবার চালু করার ব্যবস্থা করা এবং ওই অঞ্চলের অন্য নদীগুলো খননের দাবি জানান। তিনি বর্তমানে আবাদ করা হাইব্রিড ধান রক্ষার জন্য বাঁধগুলোর উচ্চতা কমপক্ষে নয় মিটার করা এবং ওই অঞ্চলের উপযোগী ধানের জাত উদ্ভাবনের জন্য সুনামগঞ্জে একটি ধান গবেষণা প্রতিষ্ঠান স্থাপনেরও দাবি জানান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান ও শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস উপস্থিত ছিলেন।