ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে লাগবে ১৬৫ কোটি টাকা
আগাম বন্যা, অতিবৃষ্টি এবং উজানের পানিতে হাওর অঞ্চলে বোরো ফসল ও দেশের বিভিন্ন স্থানে আউশ নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য ১৬৫ কোটি ৭৫ লাখ টাকা লাগবে।
গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে এই তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এই তথ্য জানা গেছে।
বৈঠকে উপস্থাপিত কৃষি মন্ত্রণালয়ের পুনর্বাসন কর্মপরিকল্পনায় বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে মে মাসে হাওরের ছয় জেলায় আগাম বন্যা ও পাহাড়ি ঢলে প্রায় ২ লাখ ৫০ হাজার হেক্টর বোরোর ক্ষতি হয়। এই ক্ষতি কাটিয়ে উঠতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা ১০ লাখ ২৫ হাজার হেক্টর থেকে বাড়িয়ে ১০ লাখ ৯২ হাজার হেক্টর করা হয়। কিন্তু আবার অতিবৃষ্টি এবং উজানের পানিতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ১০ হাজার ৬৪১ হেক্টর আউশ ধানের জমি এবং ১ হাজার ১১৮ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। হাওর অধ্যুষিত জেলাগুলোতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনায় ৭৪ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭০০ টাকার প্রয়োজন হবে। এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি বর্ষা মৌসুমে দেশের প্রায় ৩০ জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।