ক্ষতিগ্রস্ত গার্ডার, ঝুঁকি নিয়ে জাহাজে ওঠা-নামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে জেটির দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করতে হচ্ছে৷ এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের আঘাতে পর্যটক ওঠানামার এই জেটির দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়৷ কিন্তু এখনো গার্ডার দুটি মেরামত করা হয়নি৷
সরেজমিনে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত গার্ডার দুটি রশি দিয়ে জেটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে৷ আর পর্যটকেরা ওই গার্ডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে জাহাজে ওঠানামা করছেন৷
এলজিইডি সূত্র জানায়, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ২০০২-০৩ অর্থবছরে সাড়ে তিন শ মিটার দৈর্ঘে৵র এই জেটি নির্মাণ করা হয়৷ পরে এটি তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদকে৷ ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের ঢেউয়ের তোড়ে পার্কিং পয়েন্ট সম্পূর্ণ বিধ্বস্ত ও দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়৷ পরে পার্কিং পয়েন্ট সংস্কার করা হলেও গার্ডার দুটি ওই অবস্থায় রয়ে গেছে৷
টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক শাহ আলম বলেন, দেশি-বিদেশি পর্যটকদের জীবন রক্ষার্থে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত জেটির মেরামত খুবই প্রয়োজন৷ অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷
জেটির ইজারাদার তোয়াক্কল হোসেন বলেন, জেটি ইজারা নিয়ে সেন্ট মার্টিনে গিয়ে দেখা যায়, জেটির দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত৷ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁর আশঙ্কা৷
উপজেলা এলজিইডির একজন কর্মকর্তা বলেন, নির্মাণকাজ শেষে জেটির রক্ষণাবেক্ষণ, সংস্কারসহ দায়দায়িত্ব জেলা পরিষদের৷ এলজিইডির নয়৷
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান বলেন, ‘গার্ডার সংস্কারের চেষ্টা করা হচ্ছে৷ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছি৷’