ক্ষতিগ্রস্ত চাষিদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে বোরো ধানে ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা না পাওয়ায় আক্রান্ত ধান নিয়ে মানববন্ধন করেন। গতকাল পঞ্চগড় সদর উপজেলার খানপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয় l প্রথম আলো
পঞ্চগড়ে বোরো ধানে ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা না পাওয়ায় আক্রান্ত ধান নিয়ে মানববন্ধন করেন। গতকাল পঞ্চগড় সদর উপজেলার খানপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন হয় l প্রথম আলো

পঞ্চগড়ে বোরো ধানখেতে নেক ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কৃষি কর্মকর্তাদের কোনো সহযোগিতা না পাওয়ায় আক্রান্ত ধান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় কৃষকদের উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার খানপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানবন্ধন হয়। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তারা।
স্থানীয় কৃষকদের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে এক ঘণ্টার এই মানববন্ধন হয়। শতাধিক কৃষক মানববন্ধনে অংশ নেন। এ সময় কৃষক অলিয়ার রহমান, আসাদুল হক, মোমেনা খাতুন বক্তব্য দেন।
মানববন্ধনে ক্ষুব্ধ কৃষকেরা বলেন, বোরো ধানে নেক ব্লাস্ট রোগের আক্রমণের শুরুতেই তাঁরা কৃষি কর্মকর্তাদের সরেজমিনে এসে রোগাক্রান্ত ধানখেত পরিদর্শনের অনুরোধ জানান। কিন্তু কোনো কৃষি কর্মকর্তাই পরিদর্শনে আসেননি। এ অবস্থায় সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় শত শত কৃষকের ধান নষ্ট হয়। এখন বিঘাপ্রতি এক মণ ধান পাওয়াই তাঁদের জন্য কঠিন। মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করে এখন চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা। কৃষি কর্মকর্তাদের অবহেলার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন এসব কৃষক।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল হক কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্লাস্ট একটি ছত্রাকজনিত ও বীজবাহিত রোগ। এটি কোনো বীজে থাকলে পরবর্তীকালে তা জমিতে আসতে পারে। এবার দিনে প্রচণ্ড রোদ আর রাতে ঠান্ডা এবং মাঝে মাঝে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। যেসব চাষী ক্ষতিগ্রস্থ হয়েছেন, আমাদের কৃষি কর্মকর্তারা তাঁদের পাশে আছেন। এ ছাড়া আশপাশের যেসব খেতে এখনো নেক ব্লাস্ট রোগ ছড়ায়নি, সেসব খেতে প্রতিষেধক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।’