ক্ষতিগ্রস্ত দেশের জন্য আরও সমর্থন কামনা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন ও ক্ষতি লাঘবে আরও বৈশ্বিক সমর্থন ও সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তা ও সমর্থন খুবই নগণ্য ও মন্থর। তাই এ সহায়তা বৃদ্ধি ও গতিশীল করতে হবে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব মাইকেল জেরার্ড গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাবের জন্য বাংলাদেশের মতো দেশগুলো দায়ী না হলেও তারা এর মারাত্মক ক্ষতির শিকার। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের নিজস্ব তহবিল থেকে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছি। বন্যা এড়াতে এবং সেচসুবিধা বৃদ্ধির জন্য নদী খননের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাসে প্রকল্প বাস্তবায়ন করেছি।’ শেখ হাসিনা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে ডব্লিউএমওর সমর্থন ও সহায়তা কামনা করেন। জবাবে ডব্লিউএমওর মহাসচিব সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে জলবায়ু বিজ্ঞানের মূলস্রোতে গ্লোবাল ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট সার্ভিস (জিএফসিএস) গ্রহণে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।