ক্ষতিগ্রস্ত ধর্মীয় সংখ্যালঘুদের পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও দোষী লোকজনের বিচারের দাবি জানিয়েছে কয়েকটি সামাজিক সংগঠন।
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গতকাল সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১৫ জানুয়ারি মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে তারা দাবি জানায়, নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মন্দির, ঘরবাড়ি, দোকানপাটের ক্ষতিপূরণের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রীতি পরিষদ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সংগঠনটির নেতারা নির্যাতিত ব্যক্তিদের সার্বিক নিরাপত্তাসহ অপরাধের সঙ্গে জড়িত লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
একই দাবিতে গতকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে দলিত ও মাইনরিটি হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম। বিজ্ঞপ্তি।