ক্ষতিগ্রস্ত না হয়েও অনুদানের তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়নি, এমনকি ভোট অনুষ্ঠিত হয়নি—গাইবান্ধায় এমন কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে অনুদান দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় থাকা ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টিই ক্ষতিগ্রস্ত হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
জেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নিয়ে জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্তের তালিকায় অন্তর্ভুক্ত করেন বলে অভিযোগ উঠেছে।
গাইবান্ধা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জেলার পাঁচটি উপজেলার ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে তা ২৬ ফেব্রুয়ারি অধিদপ্তরে পাঠান। এ জন্য বরাদ্দ চাওয়া হয় ২৪ লাখ ৩৭ হাজার টাকা। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কমপক্ষে ১৫টি নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়নি। এর মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট গ্রহণও করা হয়নি।
১০ মার্চ ওই তালিকায় থাকা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুর বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে ক্ষয়ক্ষতির কোনো আলামত পাওয়া যায়নি। ওই বিদ্যালয় মেরামতের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইসমাইল হোসেন বলেন, ‘বিদ্যালয়ের পাশেই আমার বাড়ি। ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপর কেন বিদ্যালয়ের নাম ক্ষতিগ্রস্ত তালিকায় উঠেছে, তা আমার বোধগম্য হচ্ছে না।’ এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা টাকা ভাগ-বাঁটোয়ারা করার জন্যই এ ভুয়া তালিকা করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম বলেন, ‘বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক। ক্ষতিগ্রস্তের তালিকায় বিদ্যালয়ের নাম আমি দিইনি। তবে বিদ্যালয়ের নামে ৩০ হাজার টাকা বরাদ্দ হবে বলে শুনেছি।’ ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক। কিন্তু প্রধান শিক্ষকের অনুরোধে ওই বিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করা হয়। এ ছাড়া উপজেলার ঘগোয়া উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত না হলেও তালিকায় রয়েছে।
পলাশবাড়ি উপজেলার পলাশবাড়ি মহিলা কলেজে ভোট গ্রহণ করা হয়নি। সহিংসতার ভয়ে প্রশাসন ৫ জানুয়ারি সকালেই নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। অথচ এই কলেজকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে দুই লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান দাবি করেন, ভোট না হলেও দুর্বৃত্তরা কলেজের কয়েকটি বেঞ্চ পুড়িয়ে দেয়। কিন্তু ক্ষতিপূরণ চেয়ে তিনি কোথাও আবেদন করেননি। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করে বলেন, ‘আপনার কলেজের নামে দুই লাখ টাকা বরাদ্দ হয়েছে।’ এ কথা বলার পর ওই ব্যক্তি তাঁর (অধ্যক্ষ) কাছে অর্থ দাবি করেন। তবে তিনি টাকা দেননি।
পলাশবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘শুধু ওই মহিলা কলেজ কেন, নির্বাচনী সহিংসতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়নি। কীভাবে তালিকা হয়েছে, সেটা আমার জানা নেই।’ এ ছাড়া এই উপজেলার বঙ্গবন্ধু বালিকা উচ্চবিদ্যালয় ও এসএম পাইলট উচ্চবিদ্যালয় ক্ষতিগ্রস্ত না হলেও তালিকায় রয়েছে।
সাদুল্যাপুরের নিয়ামতনগর এমইউ উচ্চবিদ্যালয় কেন্দ্রেও ভোট হয়নি। ক্ষতিগ্রস্ত দেখিয়ে ওই বিদ্যালয়ের নামে ৪০ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। নিয়ামতনগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগের দিন রাত আটটার দিকে দুর্বৃত্তরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করে। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার কারণে ওই কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়নি। তারপরও এই প্রতিষ্ঠান অনুদান পাচ্ছে শুনে তিনি অবাক হয়েছেন। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খয়বর হোসেন দাবি করেন, এখানে ভোট না হলেও নির্বাচনের আগের দিন রাতে কয়েক জোড়া বেঞ্চ ভাঙচুর করা হয়।
সাদুল্যাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ওই বিদ্যালয়ে ভোট না হলেও আগের দিন সামান্য ক্ষতি হয়েছে বলে বিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করা হয়। এর বাইরে কামারপাড়া পিএম ইনস্টিটিউশন ও চকশালাইপুর সিনিয়র মাদ্রাসার নাম তালিকায় থাকলেও প্রতিষ্ঠান দুটি ক্ষতিগ্রস্ত হয়নি।
এ ছাড়া তালিকায় থাকা সদর উপজেলার তিনটি এবং গোবিন্দগঞ্জের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে খোঁজ নিয়ে জানা গেছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করার অভিযোগ অস্বীকার করে ওই অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জাহিদুল বারী বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে এ তালিকা দেওয়া হয়েছে। তবে এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত না হয়েও কোনো প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে কি না—তা তদন্ত করে দেখা হবে।