সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় পরিবারটিকে কেন চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এই রুল দেন। বিদ্যুৎ বিভাগের সচিব, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান, সুনামগঞ্জের জেলা প্রশাসক, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ অঞ্চলের মহাব্যবস্থাপক ও মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া আদালত অন্তর্বর্তী আদেশে বলেছেন, মানুষের জীবন রক্ষায় ওই এলাকার বিদ্যুতের ক্ষতিগ্রস্ত সরবরাহ লাইন পরিবর্তন করে নিরাপদ বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে। ১৫ দিনের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে ওই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
গত ২৬ এপ্রিল সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের রামদিঘা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একই পরিবারের চারজন। তাঁরা হলেন রঞ্জিত সরকার (৪৫), তাঁর স্ত্রী রীতা সরকার (৩৫), মেয়ে সোনালী সরকার (১০) ও বাবা জগদীশ সরকার (৭০)। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ২ মে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। রোববার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশগুপ্ত, সঙ্গে ছিলেন মুনতাসীর মাহমুদ রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।