ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধন, ইউএনওর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার চরে জেগে ওঠা ২৩টি মৌজার দিয়ারা জরিপ বাতিল করা এবং চরে জেগে ওঠা জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল রোববার পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে তাঁকে স্মারকলিপি দেন।
বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লৌহজং-মুন্সিগঞ্জ সড়কে ঘৌড়দৌড় বাজার থেকে মালিরঅংক পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য ছাড়াও কৃষকসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। এরপর তাঁরা ইউএনও মো. খালেকুজ্জামানের কাছে স্মারকলিপি পেশ করেন।
লৌহজংয়ে কয়েক যুগ ধরে পদ্মা নদীর ভাঙনে বিপুলসংখ্যক পরিবার বসতভিটা হারায়। সম্প্রতি নদীতে চর জেগে উঠলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের জমি ফিরে পেতে সরকারের কাছে দাবি জানায়। কিন্তু এ অঞ্চলে সরকার দিয়ারা জরিপ চালু করলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমি ফিরে পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে।