ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে কৃষকের কান্না
বন্যার পানি লোকালয় থেকে নেমে যাওয়ায় অনেক এলাকায় জেগে উঠছে ফসলি জমি। ক্ষতিগ্রস্ত ফসলের জমি দেখে কৃষকেরা কান্নায় ভেঙে পড়ছেন। কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশায় ২২ সেপ্টেম্বর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১২টি ইউনিয়ন প্লাবিত হয়। যমুনা নদীর এই পানি বাঙ্গালী নদীতে গিয়ে পড়ায় ধুনট, সোনাতলা ও গাবতলী উপজেলার কিছু অংশ প্লাবিত হয়। এতে এই কয়েকটি উপজেলায় ফসলের ক্ষতি হয়েছে। সারিয়াকান্দি উপজেলায় ফসলের ক্ষতির পরিমাণ টাকায় ৬০ কোটি ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার সারিয়াকান্দির বন্যাদুর্গত এলাকায় গিয়ে দেখা গেছে, বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে। ভেলাবাড়ী থেকে কুতুবপুর হয়ে চন্দনবাইশা পর্যন্ত সড়কযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কুতুবপুর ইউনিয়নের শোলার তাইর গ্রামের রাস্তায় এখনো পানি থাকায় মানুষ নৌকায় করে পারাপার হচ্ছে। ভেলাবাড়ী থেকে কুতুবপুর পর্যন্ত সড়কের দুই পাশের ফসলি জমি জেগে উঠেছে। আমন ধানের গাছগুলো কাদামাখা হয়ে রয়েছে।শোলারতাইর গ্রামের কৃষক আমজাদ শেখ বলেন, ‘এই ধান আর হবার লয়। যদি এখনই বৃষ্টি হয়ে এই ধানগাছের পাতা থেকে কাদামাটি ধুয়ে যায়, তা হলি কিছু ধান পাওয়া যাতি পারে।’ উত্তর কুতুবপুরের কৃষক তবিবর রহমান বলেন, ‘১৯৮৮ সালের পরে আমরা বন্যা দেখিনি। এবার বন্যায় আমাদের সব শেষ করে দিয়েছে।’ সরকারি সাহায্য না পেলে পরবর্তী ফসল আবাদ করা যাবে না। আরেক চাষি শরিফুল ইসলাম কোমরপানিতে নেমে তাঁর ধানের জমি দেখিয়ে বলেন, এই ধান আর হবে না। যদি হয়ও, তা হলে তা খড় হবে গরুকে খাওয়ানোর জন্য। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সরদার সালাহউদ্দিন জানান, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি পুনর্বাসন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।