ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি, আতঙ্কে মানুষ
কক্সবাজারের টেকনাফ উপকূলের ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না করায় স্থানীয় লোকজন আতঙ্কে আছেন।
স্থানীয়ও পাউবো কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া অংশে পাঁচ কিলোমিটার বাঁধের ৮০০ মিটার পুরোপুরি বিলীন ও ৭০০ মিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সদর, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ২৫ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাঁধের খোলা অংশ দিয়ে জোয়ারের পানি ঢোকার কারণে ফসল উৎপাদন বন্ধ আছে। একই কারণে চলতি মৌসুমে আমন উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
পাউবোর কর্মকর্তারা জানান, সিডরের পর ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্লুইসগেট পুনর্নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের জন্য একাধিকবার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় বাঁধ সংস্কার করা সম্ভব হয়নি।
পাউবোর টেকনাফ কার্যালয় সূত্র জানায়, আইলায় পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৪ মিটার। কিন্তু ঘূর্ণিঝড় গিরিতে জোয়ারের উচ্চতা আইলাকে ছাড়িয়ে দাঁড়ায় ৩ দশমিক ৬ মিটারে। গিরির প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলের প্রায় ৭০ ভাগ এলাকা প্লাবিত হয়। বাঁধের খোলা অংশ দিয়ে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারের পানি ঢুকে সংশ্লিষ্ট এলাকা প্লাবিত হয়ে গাছপালা, ফসল ও রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে।
উত্তরপাড়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন ও আবদুর রহমান বলেন, জোয়ারের সময় ঘরবাড়ি পানিতে ভেসে যায়। কয়েক বছর ধরে তাঁরা জমিতে চাষ করতে পারছেন না। চোখের সামনে সাগরে বিলীন হচ্ছে বসতবাড়ি। এ পর্যন্ত প্রায় ৬০০ একর ফসলি জমি সাগরে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে পাঁচ শতাধিক পরিবার।
ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, বাঁধ পুনর্নির্মাণ না করায় পুরো ইউনিয়নবাসী ঝুঁকিতে আছে।
পাউবোর টেকনাফ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, বাঁধগুলোর উচ্চতা আরও কমপক্ষে পাঁচ ফুট বাড়ানো দরকার। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।