ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ ২৫ মে। ওই ঘূর্ণিঝড়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়৷ কিন্তু এত দিনেও তা সংস্কার করা হয়নি৷ এতে প্রতি অমাবস্যা-পূর্ণিমায় ক্ষতিগ্রস্ত বাঁধ উপচে জোয়ারের পানি ফসলি জমি ও লোকালয়ে ঢুকে পড়ছে। এতে বিপাকে আছে দুই হাজারেরও বেশি পরিবার।
পাউবো সূত্র জানায়, নাফ নদীর তীরবর্তী এই বেড়িবাঁধের ৬৭ (বি) পোল্ডারের এক কিলোমিটার অংশ পুরোপুরি বিলীন ও সাত কিলোমিটার জরাজীর্ণ হয়ে গেছে৷ আর ৬৭ পোল্ডারে সাত কিলোমিটার অংশও জরাজীর্ণ অবস্থায় আছে৷
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের মৌলভীবাজার, ওয়াব্রাং, গোদামপাড়া, জালিয়াপাড়া, নাটমুরাপাড়া, চৌধুরীপাড়া, রঙ্গিখালী, আলীখালী, লেদা, জাদিমুরা ও মোচনী এলাকার ৩৫টি স্থানে নাফ নদীর বেড়িবাঁধ জরাজীর্ণ৷
স্থানীয় লোকজন জানান, বাঁধের খোলা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে সংশ্লিষ্ট এলাকার গ্রামগুলো প্লাবিত হয়৷ এ বেড়িবাঁধে সাতটি স্লুইসগেট থাকলেও ছয়টি ভরাট হয়ে গেছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে বাঁধ সংস্কার না হওয়ায় বিজিবির সদস্যদের টহল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে৷
স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম ও হুমায়ুন কবির বলেন, পাঁচ বছর ধরে বাঁধটি সংস্কার না করায় তাঁরা আতঙ্কে দিন যাপন করছেন৷ জোয়ার এলে বাড়িতে পানি আঘাত করে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ বলেন, বেড়িবাঁধের প্রস্থ ১৬ ফুট থাকার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন স্থানে দেড় ফুটে পরিণত হয়েছে। তিনি বলেন, আসন্ন বর্ষার আগে সংস্কার করা না হলে পুরো বাঁধ বিলীন হয়ে যেতে পারে৷
রঙ্গিখালী এলাকার একটি মৎস্য খামারের মালিক এইচ কে আনোয়ার বলেন, মাঝেমধ্যে তাঁর খামারে লবণাক্ত পানি ঢুকে পড়ে৷
হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাশেম বলেন, বাঁধের খোলা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় টেকনাফ-কক্সবাজার সড়কও হুমকির মুখে পড়েছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে কোনো বরাদ্দ না পাওয়ায় কাজ করা সম্ভব হয়নি।