ক্ষতি পোষাতে গ্রীষ্মকালীন ছুটিতে ৭ দিন ক্লাস হবে

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ‘সুবিধামতো’ সাত দিন ক্লাস নেওয়াসহ চার দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ রোববার বিকেলে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৈঠক শেষে মন্ত্রী বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের জানান।
মন্ত্রণালয়ের চার দফা নির্দেশনা হলো—ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিদিন একটি বা দুটি অতিরিক্ত ক্লাস নিতে পারবে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার প্রতিষ্ঠান খোলা রেখে ক্লাস নেওয়া যাবে। অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা ক্ষতি বিবেচনা করে গ্রীষ্মের ছুটির মধ্যে তাঁদের ‘সুবিধামতো’ সাত দিন ক্লাসের ব্যবস্থা নিতে পারবেন। আর কলেজ পর্যায়ের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিষ্ঠান-প্রধানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন। আগামী ১৪ থেকে ২৮মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা।
মন্ত্রণালয়ের নির্দেশনাপত্রে বলা হয়, বিগত কয়েক মাসে দেশের অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে ক্ষতি হয়েছে। তবে এ ক্ষতির ধরন সারা দেশে একই রকম নয়। এ জন্য ক্ষতির মাত্রা নির্ণয় করে উল্লিখিত ব্যবস্থা নিতে বলা হয়েছে।