ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শনকালে ধসে পড়ল বারান্দা, আহত ৬
সিলেটের ফেঞ্চুগঞ্জের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধসে পড়া শ্রেণীকক্ষ পরিদর্শনকালে গতকাল মঙ্গলবার এর বারান্দা ধসে পড়ে। এতে ছয় ব্যক্তি আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিদর্শন কর্মকর্তারা। আহত ব্যক্তিরা হলেন: মানিককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনসুর আলী, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বেলাল আহমদ (১১), পরিদর্শক দলের সঙ্গে যাওয়া সুলতানপুর গ্রামের আনর মিয়া (৬০), আপ্তাব উদ্দিন (৫৭) আছার উদ্দিন (৬৩) ও আব্দুল খালিক (৫৩)। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের নেতৃত্বে পরিদর্শনে যাওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা। ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বলেন, বিদ্যালয়টির বারান্দায় ওঠামাত্র সাত-আট ফুট বারান্দা ধসে পড়ে। এতে কয়েকজন আহত হন। গতকাল প্রথম আলোয় ‘বিদ্যালয়ের মেঝে দেবে ৬ ছাত্রী আহত’ শিরোনামে খবর প্রকাশিত হয়।