ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ে পাঠদানে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম জেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে এসব বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, আসবাবসহ জরুরি জিনিসপত্র পুড়ে গেছে। বিদ্যালয়গুলো এখনো কোনো সংস্কার না করায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে।
১৮টি বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার ঢেমসা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, ‘বিদ্যালয়ের সব কটি শ্রেণীকক্ষ ও আসবাব পুড়ে গেছে। দরজা-জানালাগুলোও ভেঙে গেছে। এখনো এগুলোর কোনো সংস্কার হয়নি। আমরা বিদ্যালয় ভবনের পাশে আরেকটি ভবনে কোনোভাবে পাঠদান চালিয়ে যাচ্ছি।’
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো সাতকানিয়া ও সীতাকুণ্ড উপজেলা এবং নগরের পাহাড়তলী থানায় অবস্থিত। এর মধ্যে শুধু সাতকানিয়া উপজেলায় রয়েছে ১৫টি বিদ্যালয়। এ ছাড়া সীতাকুণ্ডে দুটি এবং পাহাড়তলী থানায় একটি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রকৌশলীর দেওয়া সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিবরণ পাঠিয়েছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, দুর্বৃত্তদের হামলায় বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় সরঞ্জাম, চেয়ার-টেবিল, টুল, দরজা-জানালা, কলাপসিপল গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ হাজার, গরিবের ঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ হাজার, সদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৬০ হাজার, ঢেমশা বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ৮০ হাজার, পটিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার, উত্তর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার, উত্তর ছাদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার, চূড়ামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার, মধ্য এওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ, আলীনগর সৈয়দ জামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ হাজার, হাজি সৈয়দ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫ হাজার, গারাঙ্গিয়া সোনাকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৭০ হাজার, রূপনগর সুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজার, উত্তর-পশ্চিম গাটিয়া ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। সীতাকুণ্ডের মান্দারিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজার এবং পশ্চিম মহাদেবপুর আলম শফী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়তলী থানার কোয়াট এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির পরিমাণ ২০ হাজার টাকা।