ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তহবিলের ৩০০ কোটি টাকা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফসুবিধা কার্যকর করতে সরকার অনুমোদিত পুনরর্থায়ন তহবিলের প্রথম কিস্তির অর্থ ছাড় করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে এই অর্থ ছাড় করা হয়। আইসিবি ও বাংলাদেশ ব্যাংক সূত্র অর্থছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ৯০০ কোটি টাকার তহবিলের প্রথম কিস্তিতে ৩০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) হিসাবে এই অর্থ জমা হয়েছে। তহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার অর্থছাড়ের বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, তহবিল তদারকি সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও তহবিল ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় পুনরর্থায়ন তহবিলের নীতিমালা অনুমোদন করে। সেই নীতিমালা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এই তহবিলের আওতায় ৯ শতাংশ সুদে ঋণসুবিধা পাবেন। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো ঘোষিত প্রণোদনার আওতায় এই সুবিধা প্রদান করবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তহবিল থেকে ৭ শতাংশ সুদে ঋণসুবিধা পাবে।