কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এখনো কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে সহায়-সম্বল হারানো মানুষগুলো কেউ আশ্রয় নিয়েছেন আশপাশের গ্রামে। কেউ বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, জুলাই মাসের মাঝামাঝিতে পূর্ণিমার জোয়ারে ধলঘাটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এ সময় অন্তত ৫০টি ঘর সম্পূর্ণ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় আরও দেড় হাজার।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া, বনজামিরাঘোনা ও বৃহত্তর মহরীঘোনা এলাকার ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এখনো মেরামত করা হয়নি। বাসিন্দারা কোনো রকমে দিন পার করছেন।
সরইতলার বাসিন্দা আমির হোসেন ও মোহাম্মদ বলেন, ঘরবাড়ি তো গেছে, এখন হুমকির মুখে আছে সরইতলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও আশ্রয়কেন্দ্রটি। তাঁরা জানান, গৃহহারা হয়ে ইতিমধ্যে এলাকা ছেড়ে কালারমারছড়া, মাতারবাড়ি ও চকরিয়া ডুলাহাজারায় অন্তত পাঁচ হাজার লোক আশ্রয় নিয়েছে। যাঁরা যেতে পারেনি তাঁরা বেড়িবাঁধের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করছেন।
ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করার জন্য আর্থিক সহায়তা চেয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক টন চাল বিতরণ করা হয়েছে।
আর যাঁদের ঘরবাড়ি জোয়ারের পানিতে ভেসে গেছে, তাঁদের ঘর নির্মাণের জন্য সহায়তা চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।