ঢাকার জেলা প্রশাসক সালাহ্উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার দোহার উপজেলার নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার আশ্বাস দেন।
জেলা প্রশাসক দুপুরে পদ্মা নদীর ভাঙনকবলিত দোহার উপজেলার নারিশা, সুতারপাড়া, বিলাশপুর, মাহমুদপুর, নয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। গত ১৫ দিনের ভাঙনে নারিশা পশ্চিমচর, রানীপুর, মধুরচরসহ কয়েকটি এলাকার শতাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ভাঙনকবলিত এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর ভাঙন প্রতিরোধে অস্থায়ী ব্যবস্থা হিসেবে ১৬ কোটি টাকা ব্যয়ে নদী খনন এবং বালুভর্তি ব্যাগ ও পাথরের ব্লক ফেলার কাজ শিগগিরই শুরু হবে। এ ছাড়া সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে পুনর্বাসিত করবে।