ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের কাছে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চাক্তাই খালের মেরিনার্স বাইপাস সড়কের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূমি জরিপের সঙ্গে যুক্ত কর্মচারীরা এ চাঁদা দাবি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৪ আগস্ট ক্ষতিগ্রস্ত দুজন ভূমিমালিক পূর্ব ষোলশহরের বাড়ইপাড়া এলাকার বাসিন্দা মো. সেলিম আকবর নূর ও জাকির হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১০ সালের জানুয়ারিতে নগরের বহদ্দারহাট মোড় হতে কর্ণফুলী নদী পর্যন্ত মেরিনার্স বাইপাস সড়ক উন্নয়নসহ ডাইভারশন খাল ও সন্নিহিত খালসমূহের রক্ষণাবেক্ষণের একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প ব্যয়ের ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার মধ্যে ভূমি অধিগ্রহণে বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের এলএ শাখা যৌথভাবে ভূমি জরিপের কাজ শুরু করে। লিখিত অভিযোগে ভুক্তভোগী দুই ব্যক্তি উল্লেখ করেছেন,
জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ সড়কের জন্য ৩০ ফুট ভূমি অধিগ্রহণ করা হবে। তাই তাঁদের ভবনের সম্পূর্ণ অংশ অধিগ্রহণ এলাকার ভেতরে পড়েছে। তবে ১৫ থেকে ২০ লাখ টাকা করে দেওয়া হলে ১০-১২ ফুট জমি গ্রহণ করে বাকি অংশ অধিগ্রহণ এলাকা থেকে বাদ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সেলিম আকবর ও জাকির হোসেন বলেন, ‘জেলা প্রশাসনের কানুনগো সুশীল চাকমা, সার্ভেয়ার কেশব লাল দে, চেইনম্যান নজরুল ইসলাম আমাদের কাছে চাঁদা দাবি করেন। এ জন্য তাঁরা আমাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন। তাঁদের সঙ্গে নগরের ২ নম্বর গেটের শপিং কমপ্লেক্সের একটি দোকানে কয়েকবার বৈঠক করি।’ আকবর ও জাকির হোসেন আরও বলেন, ‘দাবি করা অর্থ পরিশোধ না করলে ভবন ভেঙে ফেলার হুমকি দেন। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জমা দিয়েছি।’
তবে চাঁদা দাবি করার বিষয়টি অস্বীকার করেছেন চেইনম্যান নজরুল ইসলাম ও কানুনগো সুশীল চাকমা। নজরুল ইসলাম বলেন, ‘আমি ছোট পদে চাকরি করি। স্যাররা ডাকলে তাঁদের সঙ্গে যেতে হয়। তাই আমার দুর্নীতি করার সুযোগ নেই।’ অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বী মিয়া প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের প্রকল্প হওয়ায় সেখানে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে কাউকে সাহায্য করার সুযোগ নেই। করপোরেশনের অর্থ ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মধ্যে বণ্টন করে থাকি মাত্র।’ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘ভূমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করার একটি অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসনের এখতিয়ার। তাই অভিযোগটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফরোয়ার্ড করে দিয়েছি।’