ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে অ্যামনেস্টির ম্যারাথন চিঠি
চেলসি ম্যানিং। উইকিলিকসে যুক্তরাস্ট্র সরকারের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের দায়ে ৩৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। আর দুর্নীতিবিরোধী একটি অনুষ্ঠান আয়োজনের জন্য চীনের নাগরিক লুই পিংকে দেওয়া হয়েছে ছয় বছরের কারাদণ্ড। সরকারকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন লুই পিং।
ক্ষতিগ্রস্ত এমন ১০ ব্যক্তি ও দুটি এলাকার মানুষের পক্ষে গতকাল শুক্রবার চিঠি ও স্বাক্ষর সংগ্রহ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনাল। জাতীয় জাদুঘরের সামনে এ কার্যক্রম চলে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ‘লেটার রাইটিং ম্যারাথন’ শিরোনামের এ কার্যক্রমে অংশগ্রহণ করেন রাজধানীর কয়েক শ মানুষ।
ওপরের দুজন ছাড়া এবারের অন্য ক্ষতিগ্রস্তরা হলেন: ভেনেজুয়েলার ড্যানিয়েল কুইনটেরো, সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল-রোকেন, সৌদি আরবের রাইফ বাদাওয়ি, ফিলিপাইনের জেরিম কোরে, নাইজেরিয়ার মোসেস আকাতুগবা, উজবেকিস্তানের এরকিন মুসায়েভ, গ্রিসের পারসকেভি কোকোনি ও নরওয়ের জেনেট্টে সোলস্ট্যান্ড রেমো।
দক্ষিণ আফ্রিকার একটি পৌরসভা মখোন্দ ও ভারতের ভোপালের জন্যও এ বছর স্বাক্ষর সংগ্রহ করা হয়। মখোন্দের অনেক নারী ও বালিকা স্বাস্থ্যসেবার অভাবে মারা যান। আর ভোপালের লাখো মানুষ বিষাক্ত গ্যাস নিঃসরণের ফলে স্বাস্থ্যসমস্যায় ভুগছেন।
প্রতিবছর সাধারণ নাগরিকের অধিকার রক্ষায় অ্যামনেস্টি সারা বিশ্বের নাগরিকদের সমর্থন নেয়। এরপর সংশ্লিষ্ট দেশের সরকারকে মানবাধিকার রক্ষায় চাপ দেওয়া হয়। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৩ লাখ চিঠি ও স্বাক্ষর সংগ্রহ করা হয়। এ বছরও বিশ্বের প্রায় প্রতিটি দেশে এ কার্যক্রম আয়োজন করা হয়।