ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে দুরছড়ি বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও জেলা পরিষদ। গতকাল শুক্রবার সকালে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে পৃথকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দুরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারে ২১৯টি দোকান আছে। বাজারের আশপাশে ১০০টি পরিবার বসবাস করত। আগুনে ৪ থেকে ৫টি দোকান ও ৮-১০টি বাড়ি ছাড়া সব পুড়ে গেছে।
দুরছরি বাজারের পাশে জগন্নাথ দেব মন্দিরে ত্রাণ বিতরণ উপলক্ষে গতকাল সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, দুরছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০০ জনকে ২০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে দেওয়া হয়। এরপর জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিজনকে ১ হাজার টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিকে বেলা ১১টার দিকে সেনাবাহিনীর উদ্যোগে দুরছড়ি সেনা ক্যাম্পের মাঠে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব-উল আলম, লংগদু সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. আবদুল আলীম চৌধুরী, বিজিবি রাজনগর জোনের অধিনায়ক লে. কর্নেল মো. বেনজির আহমেদ প্রমুখ। সেনাবাহিনীর পক্ষ থেকে ৩০০ জনকে ১০ কেজি করে চাল, ১ কেজি করে তেল, ডাল, পেঁয়াজ ও লবণ দেওয়া হয়।
২৪ পদাতিক ডিভিশনের জিওসি মো. জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, আগুনে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তারপরও সেনাবাহিনী ও জেলা প্রশাসন মিলে সাধ্যমতো সহযোগিতা করে যাবে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।
এদিকে দুরছড়ি বাজার জামে মসজিদের মাঠে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী। চিকিৎসা ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. রুবেল আজাদ প্রথম আলোকে বলেন, সারা দিন প্রায় তিন শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই অগ্নিকাণ্ডের ঘটনায় আঘাত পাওয়া ব্যক্তি।