ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই প্রকল্পে অর্থায়ন বাতিল এবং কানাডীয় আদালতে মামলা করার ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে জার্মানির মিউনিখে ম্যারিয়ট হোটেলে ইউরোপীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ভ্রান্ত অভিযোগে বিশ্বব্যাংক যাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল, সেই ক্ষতিগ্রস্তরা এ জন্য আইনের আশ্রয় নিতে পারে।’

ভিত্তিহীন দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থ প্রত্যাহারের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিচার পাওয়ায় শেখ হাসিনা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘তারা আমার ছেলে এবং মেয়ে, বোন, আমার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সচিবদের এই অভিযোগের সঙ্গে জড়াতে চেয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কানাডার আদালতের রায় আমাদের অনুকূলে এসেছে। কারণ, আমরা সব সময় সত্য ও ন্যায়ের পথে ছিলাম।’

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের আমন্ত্রণে ৫৩তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পদ্মা সেতু প্রকল্পে কল্পিত দুর্নীতির অভিযোগে অর্থ প্রত্যাহারের নেপথ্যে বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জড়িত থাকার ইঙ্গিত দেন।

এ ছাড়া আদালতে অর্থ আত্মসাতের মামলায় দোষী প্রমাণিত হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও শাস্তি পেতে হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটি ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাৎ করার অভিযোগে দুদকের করা দুটি মামলার বিচারকাজ ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে চলছে।

পদ্মা সেতু প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো দুর্নীতি হয়ে থাকলে প্রমাণ করার জন্য বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানানোর পরও সেতুর নির্মাণকাজ শুরুর আগেই তারা অর্থ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন যুক্তরাষ্ট্র সরকারের এক প্রভাবশালী এবং নোবেল বিজয়ী ড. ইউনূস তাঁর পরিবারের সদস্যদের পর্যন্ত এই মিথ্যা দুর্নীতির অভিযোগের সঙ্গে জড়ানোর চেষ্টা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক বড় সংস্থা। কাজেই কেউ কেউ বিশ্বাসও করতে শুরু করেন যে হয়তো তাদের অভিযোগের সত্যতা থাকলেও থাকতে পারে। কিন্তু বিশ্বব্যাংক এই অভিযোগ প্রমাণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যদি দুর্নীতিই করতাম, তাহলে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারতাম না।’ তিনি আরও বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, সহকারী সচিব ব্লেইক, এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পর্যন্ত তাঁকে হুমকি দেন যে ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হলে বিশ্বব্যাংকের পক্ষ থেকে পদ্মা সেতুর অর্থায়ন প্রত্যাহার করা হবে।

শেখ হাসিনা আরও অভিযোগ করেন, এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে তিনবার ডেকে পাঠিয়ে ড. ইউনূসকে না সরানোর জন্য চাপ প্রয়োগ করা হয়।

জনগণের অর্থ আত্মসাৎ করতে তাঁর সরকার ক্ষমতায় আসেনি, বরং জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কানাডার আদালতের রায়ের মধ্য দিয়ে এই সত্যটিই যেন আবারও প্রতিভাত হলো।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি অনীল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনী, জার্মানি আওয়ামী লীগ সভাপতি বশিরুল আলম, প্রবাসী আওয়ামী লীগ নেতা ইদ্রিস ফরাজী, হাসান ইকবাল ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জার্মানি ছাড়াও ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, সুইডেন ও নরওয়ে আওয়ামী লীগের নেতারা অংশ নেন।