পরিবেশ সংরক্ষণ আইন সংশোধন করা হচ্ছে। আইনের সংশোধনী অনুযায়ী, প্রতিটি জেলায় একটি করে পরিবেশ আদালত গঠন করা হবে। আইনটি পাস হলে যেকোনো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি ওই আদালতে মামলা করতে পারবেন। এ ছাড়া সব শিল্পকারখানার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, গত ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদ সংশোধনীটি চূড়ান্ত অনুমোদন করেছে। এখন সংশোধনী আইনটি সংসদে উত্থাপিত হওয়ার অপেক্ষায় আছে।এ ব্যাপারে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে জানান, আগামী অধিবেশনেই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধনী) আইন, ২০১০ সংসদে উত্থাপন করা হবে। তিনি আরও জানান, এখানে আইনের দুটি দিক অনুমোদন করা হয়েছে। একটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, অপরটি বাংলাদেশ পরিবেশ আদালত আইন। পরিবেশ আদালত: আগের আইনে দেশে শুধু তিনটি পরিবেশ আদালত ছিল। ওই আদালতে শুধু পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তিই মামলা করতে পারতেন। আইনের সংশোধনী পাস হলে যেকোনো ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তি পরিবেশ আদালতে মামলা করতে পারবেন এবং এ জন্য দেশের প্রতিটি জেলায় পরিবেশ আদালত গঠন করা হবে। একজন ম্যাজিস্ট্রেটকে এ দায়িত্ব দেওয়া হবে। তিনি শুধু পরিবেশ-সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনা করবেন। পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ: আইনের সংশোধনীতে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাইবে না। তবে অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে কোনো পাহাড় বা টিলা কর্তন বা মোচন করা যাইতে পারে।’ অবশ্য আইনের এ ধারার অপপ্রয়োগের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘যা সৃষ্টির ক্ষমতা কারও নেই, তা ধ্বংসের ক্ষমতাও কাউকে দেওয়া যায় না। আইনে অপরিহার্য জাতীয় স্বার্থে পাহাড় কাটার ছাড়পত্র দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি, পাহাড় ও টিলা রক্ষা করাই হচ্ছে অপরিহার্য ও জাতীয় স্বার্থ। তাই আমরা আইনের এ সংশোধনী বাতিল ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানাব।’ তবে পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে জানান, একেবারে নিষিদ্ধ করার কোনো আইন হয় না। তবে আইনটির উদ্দেশ্য হওয়া উচিত পাহাড় কাটা নিরুৎসাহিত করা। শিল্পকারখানার জন্য ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক: আইনের সংশোধনীতে সব শিল্পকারখানার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আইনে বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন; এই আইন জারির এক বছরের মধ্যে সকল শিল্পপ্রতিষ্ঠানকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করিতে হইবে।’ জলাধার সংরক্ষণ: জলাধার সংরক্ষণের জন্যও পরিবেশ সংরক্ষণ আইনে নতুন সংশোধনী যোগ হয়েছে। এই সংশোধনীতে পরিবেশ অধিদপ্তরকে জাতীয় স্বার্থে জলাধার-সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।সংশোধনী আইনের ৬ ধারায় বলা হয়েছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন; জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনো শ্রেণী পরিবর্তন করা যাইবে না। তবে অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণক্রমে জলাধার-সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করা যাইতে পারে।’