সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার সন্ধ্যায় ধসে পড়া ভবনের সামনে মোমবাতি প্রজ্বালন করা হয়। এ সময় অস্থায়ী বেদিতে ফুল দিয়ে মোমবাতি হাতে এক মিনিট নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রানা প্লাজার স্থানে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানানো হয় অনুষ্ঠানে।
আজ ২৪ এপ্রিল। ২০১৩ সালের এই দিনে রানা প্লাজায় ধসে নিহত হন এগারো শর বেশি শ্রমিক। তাঁদের স্মরণে গতকাল ‘শ্রমিক নিরাপত্তা ফোরাম’ ও ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ’ নামে দুটি সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
রানা প্লাজা ধসের বর্ষপূর্তির সময় হলেই মেয়ের স্মৃতিকে হাতড়ে সাভার আসেন পাবনার সাঁথিয়ার গোপালপুর গ্রামের আব্দুল আওয়াল। রানা প্লাজা ধসে বহু শ্রমিকের সঙ্গে তাঁর মেয়ে রোজিনা আক্তারও মারা যান। গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করেন আওয়াল।
সাভারের সাংসদ এনামুর রহমান বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণ করা হলে একসঙ্গে এত শ্রমিকের প্রাণ দিতে হতো না।
রানা প্লাজার জমিতে শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়ে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, সরকারের অনুকূলে নেওয়া হলেও দীর্ঘদিন জায়গাটি খালি পড়ে আছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই।