ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু গ্রাম পরিদর্শনে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ৫৫ সংখ্যালঘু পরিবারের সর্বশেষ অবস্থা জানতে ঢাকা ও দিনাজপুরের পাঁচটি বেসরকারি, মানবাধিকার ও আইন সহায়তা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গতকাল রোববার ওই গ্রাম পরিদর্শন করেন।
বেলা দুইটায় ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন দলের সদস্যরা গ্রামের দুই শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে তাঁদের বক্তব্য লিপিবদ্ধ করেন। গোয়ালপাড়া, বাবুপাড়ার ২৫ দশমিক ৭৮ একর সরকারি জমির মালিকানা নিয়ে চার দশক ধরে ওই গ্রামবাসীর সঙ্গে দিনাজপুর শহরের জনৈক এমদাদ চৌধুরীর বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে দফায় দফায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সর্বশেষ ২০১৫ সালের ২৩ নভেম্বর থেকে গত ৩১ জানুয়ারির মধ্যে গ্রামবাসীর বিরুদ্ধে চারটি মামলা করা হয়।
পরিদর্শন দলের সদস্যরা হলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের পদ্মাবতী দেবী, নিজেরা করির জালাল উদ্দীন, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) এ কে এম বুলবুল আহম্মেদ, সিডিএ দিনাজপুরের কর্মসূচি কর্মকর্তা (আইন সহায়তা) জান্নাতুল ফেরদৌস প্রধান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দিনাজপুরের পিনাক পানি রায় প্রমুখ।