সম্প্রতি টানা বর্ষণে চট্টগ্রাম নগরের ১৬৩ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারে প্রয়োজন ১১১ কোটি টাকা। এই অর্থ বরাদ্দ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে জানান, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে ১১১ কোটি টাকা লাগবে। সড়ক সংস্কারের অর্থ বরাদ্দ দিতে মন্ত্রণালয়কে মঙ্গলবার বিকেলে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিলে ভালোভাবে সড়ক সংস্কার করা যাবে। না দিলে করপোরেশনের সামর্থ্য অনুযায়ী সড়ক সংস্কার করতে হবে।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, টানা বৃষ্টির কারণে নগরের ক্ষতিগ্রস্ত সব সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। নগরের অনেক সড়কের বিটুমিন উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব সড়ক বিটুমিন ঢালা সম্ভব হচ্ছে না। তাই আপাতত ইট-বালি দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রবল বর্ষণে তাও উঠে যাচ্ছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী জানান, সম্প্রতি টানা বৃষ্টিতে নগরের অধিকাংশ সড়ক কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেসব সড়কে ভারী যানবাহন চলাচল করে সেগুলোর অবস্থা বেশি শোচনীয়।
সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর সূত্র জানায়, করপোরেশনের পাঁচটি প্রকৌশল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই নম্বর বিভাগে। এই বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ ৫৩ কিলোমিটার।
সিটি করপোরেশন সূত্র জানায়, করপোরেশনের পাঁচটি প্রকৌশল বিভাগ ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করেছে। গতকাল এই তালিকা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়। এই তালিকা ধরে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।
সিটি করপোরেশনের প্রকৌশলী এয়াকুব নবী বলেন, যে পরিমাণ সড়ক নষ্ট হয়েছে, তা ঠিক করতে অন্তত এক মাস সময় লেগে যাবে।
সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, নগরের সিডিএ অ্যাভিনিউয়ের সাড়ে তিন কিলোমিটারের মধ্যে আড়াই কিলোমিটারই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সার্সন সড়কের পুরোটাই নষ্ট হয়ে গেছে। নগরের বিমানবন্দর সড়কের নিমতলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত পাঁচ কিলোমিটারের মধ্যে সংস্কার করতে হবে তিন কিলোমিটার। একই সড়কের কাঠগড় থেকে বিমানবন্দর পর্যন্ত ছয় কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার সংস্কার করতে হবে। আধা কিলোমিটার দৈর্ঘ্যের বায়েজিদ বোস্তামী থানা সড়কের পুরোটাই সংস্কার করতে হবে।