চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় বৈঠকে এ নির্দেশ দেন মেয়র। চট্টগ্রামের আন্দরকিল্লার নগর ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্যমতে, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে গত ৩০ ও ৩১ মে চট্টগ্রাম নগরে ভারী বর্ষণ হয়। এর দুই সপ্তাহ না পেরোতেই ১১ ও ১২ জুন আবারও ভারী বর্ষণের কবলে পড়ে নগর। গত শুক্রবারও থেমে থেমে বৃষ্টি হয়েছে নগরে। দুবারের ভারী বৃষ্টিতে নগরের অন্তত ২০টি সড়কের প্রায় ৬০ কিলোমিটার ক্ষতবিক্ষত হয়ে পড়েছে।
এ নিয়ে গতকাল ‘ইট-বালু দিয়ে চলছে জোড়াতালির সংস্কার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মো. মাহফুজুল হক প্রমুখ।